গণআন্দোলনে শীঘ্রই সরকারের পতন ঘটবে :ফখরুল

আপডেট : ২২ আগস্ট ২০১৪, ২২:৪৩
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খুন জখমের রাজনীতির বিরুদ্ধে জনগণ এখন কঠিন প্রতিরোধের জন্য প্রতিজ্ঞাবদ্ধ। শীঘ্রই বৃহত্তর গণআন্দোলনের মাধ্যমে বর্তমান শাসনের পতন ঘটাব। গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, সরকার ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিরোধী দলের নেতাকর্মীদের নিশ্চিহ্ন করার জন্য সরকার কর্মসূচি চালিয়ে যাচ্ছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দলীয় ক্যাডার সাজিয়ে পরিকল্পিতভাবে ব্যবহার করা হচ্ছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাণ্ডব ও সন্ত্রাসী কর্মকাণ্ডে বিরোধী দলীয় নেতাকর্মীসহ দেশের সাধারণ মানুষ উদ্বেগ উত্কণ্ঠায় দিন কাটাচ্ছে। পিরোজপুরের দুর্গাপুর ইউনিয়ন বিএনপি নেতা শহীদুলের ওপর পুলিশি হামলার নিন্দা জানিয়ে এ বিবৃতি দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।। মির্জা আলমগীর বলেন, সরকারের পুলিশ বাহিনী গতকাল শুক্রবার সকালে পিরোজপুর জেলার সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়ন বিএনপি নেতা শহীদুলকে পেটে গুলি করেছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। গুলিবিদ্ধ শহীদুল এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে (অব.) মাহবুবুর রহমান বলেছেন, ‘জাতীয় সমপ্রচার নীতিমালা-২০১৪ অনুমোদনের মাধ্যমে সরকার গণতন্ত্রের বাক স্বাধীনতাকে কবর দিচ্ছে। মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ অর্জিত হয়েছিল। আর মুক্তিযুদ্ধের মূলমন্ত্র ছিল বাক স্বাধীনতা ও গণতন্ত্র। এই সরকার বাংলাদেশ, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রের বাক স্বাধীনতাকে হরণ করছে। এজন্য তারা আবার সমপ্রচার নীতিমালা পাস করতে যাচ্ছে। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির সহযোগী সংগঠন ঐক্য পরিষদ আয়োজিত ’সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ কল্পে জাতীয় সমপ্রচার নীতিমালা’র প্রতিবাদে মানববন্ধনে তিনি এ কথা বলেন। মানববন্ধনে বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক বলেন, ইতিহাস বলে অতীতে যারা গণমাধ্যমের কণ্ঠরোধ করে ক্ষমতা কুক্ষিগত করেছে তারা বেশি দিন ক্ষমতায় থাকতে পারেনি। এ সরকারও টিকতে পারবে না। সংগঠনের সভাপতি মেজর (অব:) হানিফের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি রকিবুল ইসলাম প্রমুখ।