জেলার সদর উপজেলায় কদমতলা ইউনিয়নে ভৈরমপুরে গতকাল শুক্রবার ভোরে পুলিশের গুলিতে শহীদুল শেখ (২৬) নামে এক বিএনপি কর্মী আহত হয়েছেন। এ সময় ১ কনস্টেবলসহ আরো ৩ জন আহত হয়েছে বলে পুলিশ জানায়। আহত শহীদুল একজন সন্ত্রাসী বলেও পুলিশ দাবী করেছে। তবে তার বিরুদ্ধে থানায় কোন মামলা নেই।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সদর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক রফিককে গ্রেফতার করতে সাদা পোশাকে কয়েকজন পুলিশ ভৈরামপুরে যায়। এ সময় আহত শহীদুল শেখ কেনাকাটার জন্য ঘটনাস্থলে একটি দোকানে যান। এর আগে দোকানের আশেপাশে পুলিশ রফিককে ধরতে অবস্থান নিয়েছিল। এ সময় পুলিশের আরেকটি দল সেখানে পৌঁছলে শহীদুল দৌঁড়ে পালাতে চেষ্টা করলে পুলিশ গুলি করে। পুলিশ জানায়, তারা আশরাফ ডাকাতের ভাই রফিক শেখকে গ্রেফতারের উদ্দেশ্যে এ অভিযান চালায়। এরপর তাকে সদর হাসপাতালে এনে ভর্তি করে পুলিশ।
সদর থানার ওসি আ. রাজ্জাক জানান, ডাকাতির প্রস্তুতির সময় পুলিশ শহীদুলদের ধাওয়া করে। ধাওয়া খেয়ে তারা পুলিশের ওপরে গুলি করলে মেহেদি হাসান নামে এক পুলিশ সদস্য আহত হয়। এ সময় বাধ্য হয়ে পুলিশ গুলি করলে রফিক পায়ে গুলিবিদ্ধ হয়ে পালিয়ে যায়। জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, ওয়ার্ড বিএনপির সদস্য শহীদুলকে পুলিশ উদ্দেশ্যমূলকভাবে গুলি করেছে।
