পদ্মায় লঞ্চ ডুবিতে নিখোঁজ যাত্রীর লাশ ১৮ দিন পর সুগন্ধা নদী থেকে উদ্ধার

আপডেট : ২২ আগস্ট ২০১৪, ২২:৪৯
পদ্মায় ডুবে যাওয়া পিনাক-৬ লঞ্চের নিখোঁজ এক যাত্রীর লাশ ঝালকাঠির নলছিটির সুগন্ধা নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে নদীর তীরবর্তী এলাকার মগড় গ্রামের লোকজন নদীতে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধারের পর লাশের চেহারা বিকৃত হয়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করা যাচ্ছিল না। পরে লাশের পরনের প্যান্টের পকেট থেকে উদ্ধারকৃত মোবাইল ফোনের সিমের মাধ্যমে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে নলছিটি থানার পুলিশ। নলছিটি থানার ওসি আবুল খায়ের জানান, নিহতের নাম মিন্টু মোল্লা (২৪)। তিনি গোপালগঞ্জ জেলার মোকসেদপুর উপজেলার কৃষঞাদিয়া গ্রামের ছালাম মোল্লার ছেলে। মিন্টু সিলেটে কাপড়ের ব্যবসা করতেন। ঈদে সে বাড়ি এসেছিল। বাড়ি থেকে সিলেটে ফেরার পথে গত ৪ আগস্ট পদ্মায় পিনাক-৬ লঞ্চ ডুবিতে তিনি মারা যান। দুর্ঘটনার খবর পেয়ে নিহতের পরিবার ঘটনাস্থলে ছুটে যান। কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও মিন্টুর লাশ পাননি স্বজনরা। গতকাল বিকেলে মিন্টুর স্বজনরা নলছিটি ছুটে আসলে পুলিশ তাদের কাছে লাশ হস্তান্তর করে। গত ৪ আগস্ট মাদারীপুরের কাওড়াকান্দি থেকে ছেড়ে যাওয়া পিনাক-৬ লঞ্চটি পদ্মা নদীতে এসে আড়াই শতাধিক যাত্রী নিয়ে ডুবে যায়।