গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ২৩ আগস্ট ২০১৪, ১৯:৩২
আপাত দৃষ্টিতে কারণটা বেশ দুর্বোধ্য মনে হলেও বিশ্বের অনেক দেশ আর শহরেই এমন কিছু রীতি আছে যেগুলো একই সাথে কৌতুহল উদ্দীপক এবং মজাদার। আর জার্মানির উত্তর রাইন-ওয়েস্টফেলিয়ার হালভার্দে শহরে চালু থাকা এমনই একটি মজার রীতি হলো এলাকার কোনো পুরুষের ২৫তম জন্মবার্ষিকী উদ্যাপন। স্থানীয় রীতি অনুযায়ী, এদিন ২৫-এ পা দেওয়া তরুণদের বেশ অনেকগুলো মোজা দেওয়া হয় যা সে সারিবদ্ধ করে তার বাড়ির চারপাশে সাজিয়ে রাখে। মূলত এই ঐতিহ্যটির কথা মাথায় রেখেই সম্প্রতি শহরের বাসিন্দারা তাদের প্রিয় হালভার্দে শহরের ৮২৫তম বার্ষিকী পালন করেছেন অনবদ্য এক রেকর্ড গড়ে। শহরের জন্মদিন উপলক্ষে অনেকটা মোজা তারের ওপর শুকাতে দেওয়ার মতো করে তারা তৈরি করেন বিশ্বের সবচেয়ে বড় মোজার লাইন। সবমিলিয়ে ৬৯,১৫২টি মোজার তৈরি এই লাইনটির দৈর্ঘ্য ছিল ৬.০৬ কিলোমিটার বা ৩.৭৬ মাইল।