চট্টগ্রাম শহরে বিরাজমান যানজট সমস্যা সমাধানে সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগ অনেকখানি উদাসীন। সকাল থেকে রাত পর্যন্ত এই যানজট লেগেই থাকে। এই যানজট সমস্যার বহু কারণ রয়েছে। এসব কারণের মধ্যে ব্যাটারি চালিত রিকশাই হচ্ছে প্রধান। শহরের লোকসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে যানবাহনের সংখ্যাও বেড়েছে। কিন্তু সে হারে রাস্তা বাড়েনি। কিছু কিছু রাস্তা সমপ্রসারণ করা হলেও সেগুলো যানজট সমস্যা মোকাবেলা করতে পারছে না। ইদানিং ব্যাটারি চালিত রিকশা চালু হওয়ার পর এই সমস্যা আরো প্রকট আকার ধারণ করেছে। ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ হলে চট্টগ্রাম শহরের যানজট সমস্যা কিছুটা লাঘব হবে এবং সড়ক দর্ঘটনার হার কমে আসবে। এ ব্যাপারে চট্টগ্রাম ট্রাফিক বিভাগকে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে অনুরোধ জানাচ্ছি।
আবুল কাসেম ভূঁইয়া, চট্টগ্রাম
