ফিরছেন পার্সি, উজ্জীবিত ম্যান ইউ

আপডেট : ২৩ আগস্ট ২০১৪, ২২:০৬
ম্যানচেস্টার ইউনাইটেডের স্ট্রাইকার রবিন ফন পার্সিকে আজ ইংলিশ প্রিমিয়ার লিগে সান্ডারল্যান্ডের বিপক্ষে দেখা যাবে। এর মধ্যদিয়ে ব্রাজিল বিশ্বকাপের পর নেয়া দীর্ঘ ছুটি কাটিয়ে মাঠে নামার জন্য তিনি এখন পুরো প্রস্তুত। এই ডাচ ফুটবলারের ফিরে আসা উজ্জীবিত করছে কোচ লুইস ফন গলের দলটিকে। পার্সির ফিরে আসার সুবাদে নিজেদের মাঠে প্রথম খেলায় সোয়ানসি সিটির বিপক্ষে ২-১ গোলের হারটি থেকে ঘুরে দাঁড়াতে চায় ম্যান ইউ। প্রাক মৌসুমের দুর্দান্ত পারফরম্যান্স এবং কোচ ফন গলের আগমনের ইতিবাচক দিকটা ওল্ড ট্রাফোর্ডে অতিথি সোয়ানসি সিটির বিপক্ষে দেখাতে পারেনি স্বাগতিক ম্যানইউ। মিডফিল্ডার আন্দ্রে হেরেরা এবং ডিফেন্ডার লুক শ’র মতো খেলোয়াড় নিয়েও প্রিমিয়ার লিগে নিজেদের সূচনা ম্যাচটি হারতে হয় গত মৌসুমের পয়েন্ট তালিকার সপ্তম স্থানে গড়িয়ে যাওয়া এ দলটিকে। গত শনিবারের ওই পরাজয়ই বলে দিচ্ছে, ম্যানইউ’র পরিবর্তন খুব ধীর গতিতে এগুচ্ছে। দলকে শীর্ষ চারে নিতে হলে ওল্ড ট্রাফোর্ডে নেদারল্যান্ডসের সাবেক কোচ ফন গলকে আরো কাজ করতে হবে। এদিকে, হেরেরা ও ম্যারুয়েনে ফেলাইনি গোড়ালিতে চোট পাওয়ায় এবং জেসে লিনজার্ডের পায়ের চোট ম্যানইউ’র ইনজুরির তালিকা বড় করেছে। এ ক্ষেত্রে প্রিমিয়ার লিগের গত মৌসুমে ৫৯ ম্যাচ থেকে ৩৮ গোল করা পার্সির ফিরে আসা টেনে তুলতে পারে ম্যান ইউকে। এ ব্যাপারে কোচ ফন গল বলেন, ‘রবিন (পার্সি) খেলার জন্য প্রস্তুত, এটা আমাদের দলের জন্য বড় একটি সুবিধা। সে এখন খেলতে সক্ষম এটা জেনে আমি খুবই খুশি।’ ম্যানইউ শিবিরে চোটগ্রস্ত খেলোয়াড়দের ব্যাপারে ফন গল বলেন, ‘গত সপ্তাহে আমাদের নয়জন খেলোয়াড় ইনজুরিতে ছিল। এখন আমাদের চোটগ্রস্ত খেলোয়াড়দের সংখ্যা সাত। সংখ্যাটা অনেক বেশি। কোচ হিসেবে আমি এত বেশি চোটগ্রস্ত খেলোয়াড় এই প্রথম পেলাম। তবে এটা নিয়েই আমাদের টিকে থাকতে হবে। আমাদের চারজন মিডফিল্ডারই ইনজুরিতে রয়েছে। এর মধ্যে মাইকেল ক্যারিক শুরু থেকে চোটে আছে, তার সঙ্গে এখন যোগ হয়েছে হেরেরা, ফেলাইনি এবং লিনজার্ড। তাই আমরা এখন মিডফিল্ডে দুর্বল।’ ম্যানইউ’র ভাগ্য পরিবর্তনে সমর্থকদের কাছে সময় চেয়ে ফন গল বলেন, ‘দুই সপ্তাহ আগেও আমি ম্যানচেস্টারে রাজা ছিলাম। কিন্তু এখন আমি ম্যানচেস্টারের আপদ। বহিষ্কার হওয়ার জন্য আমি এখানে আসিনি। একটি দলকে গড়ে তোলা একটা প্রক্রিয়া। এটা সম্পন্ন করতে সময়ের দরকার।’ ম্যানইউ শিবিরে আজ ফিরতে পারেন ড্যানি ওয়েলব্যাক, আন্তোনিও ভ্যালেন্সিয়া এবং জনি ইভান্স। তবে ফন গলের সর্বশেষ চুক্তিবদ্ধ খেলোয়াড় আর্জেন্টাইন সেন্টার ব্যাক মার্কো রোহোর খেলার সম্ভাবনা নেই। সান্ডারল্যান্ডের বিপক্ষে ম্যান ইউ’র সামপ্রতিক নৈপুণ্য মোটেও সুখকর নয়। এ বছরেই দলটির কাছে দু’বার হেরেছে রেড ডেভিলরা। প্রথম হারটি ছিল রায়ান গিগস অন্তর্বর্তী কোচ হওয়ার আগে, লিগ কাপের সেমিফাইনালে। লড়াইটিতে টাইব্রেকারে হেরেছিল ম্যান ইউ। দ্বিতীয় হারটি ছিল গিগসের তত্ত্বাবধানে ইংলিশ লিগে। ওল্ড ট্রাফোর্ডে ওই লড়াইয়ে ১-০ গোলে অতিথি সান্ডারল্যান্ডের কাছে হারে তারা। এই জয় দিয়ে রীতিমত চমক দেখায় সান্ডারল্যান্ড। এ জয়টি পরবর্তীতে রেলিগেশন উতরাতে ক্লাবটিকে সাহায্য করেছে। সান্ডারল্যান্ড অবশ্য নতুন মৌসুমটি ম্যান ইউ’র চেয়ে ভালভাবে শুরু করেছে। ওয়েস্ট ব্রুমউইচের বিপক্ষে গত সপ্তাহে নিজেদের প্রথম ম্যাচে ২-২ গোলে ড্র করে তারা। তবে সামপ্রতিক রেকর্ড বাদ দিলে আগের ১৭ বছরে ম্যান ইউ’র নাগাল পায়নি সান্ডারল্যান্ড। তাছাড়া প্রিমিয়ার লিগে গত মৌসুমে ম্যানইউকে হারানো ইমানুয়েল গিয়াখেরিনি ওল্ড ট্রাফোর্ডে এবারের সফরে থাকছেন না। কুঁচকির ইনজুরিতে ভুগছেন তিনি। প্রিমিয়ার লিগে নিজের অপর ম্যাচগুলোতে হালসিটি-স্টোক সিটি এবং টটেনহ্যাম হটস্পার-কুইন্স পার্ক র্যাঞ্জার মুখোমুখি হবে/সকারওয়ে