ক্যাম্প ন্যুতে লা লিগার নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে এলচের বিপক্ষে বার্সেলোনা মাঠে নামছে আজ। এর মধ্যদিয়ে কাতালান ক্লাবটির ‘লুইস এনরিক’ যুগ শুরু হচ্ছে। জাভির নেতৃত্বের দলটির নতুন কোচ এনরিকও ক্লাবটির সাবেক খেলোয়াড় ছিলেন। যার হাত ধরে শিরোপা পুনরুদ্ধারের অভিযানে নামবে বার্সা।
জেরার্ডো মার্টিনের তত্ত্বাবধানে বড় কোনো শিরোপা ছাড়াই গত মৌসুম শেষ করে ২২ বারের লা লিগা চ্যাম্পিয়ন বার্সা। এই ব্যর্থতা কাটাতে আজ থেকে মিশন শুরু করতে যাচ্ছেন রোমা এবং সেল্টা ভিগোর সাবেক কোচ এনরিক। গত মৌসুমে বার্সার একমাত্র অর্জন ছিল স্প্যানিশ সুপার কাপ জয়। এনরিক মেধাবী খেলোয়াড়দের নিয়ে বার্সাকে বড় শিরোপা এনে দেবেন বলে ধারণা অনেকের।
তবে মৌসুমের শুরুতেই পূর্ণ শক্তি পাচ্ছে না বার্সা। অক্টোবর পর্যন্ত ফিফার নিষেধাজ্ঞায় আছেন ক্লাবের নতুন তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ। তাছাড়া নতুনদের মধ্যে কুঁচকির চোটে আছেন থমাস ভারমেলন এবং পিঠের চোটে ভুগছেন মার্ক-আন্দ্রে তের স্টেগান। ফলে ক্লাবটিতে প্রতিযোগিতামূলক খেলায় তাদের অভিষেকের জন্য আরো অপেক্ষা করতে হচ্ছে। যদিও অন্য নতুন খেলোয়াড়দের মধ্যে ইভান র্যাকটিক, ক্লদিও ব্রাভো এবং জেরেমি ম্যাথিউ সবাইকেই এলচের বিপক্ষে দেখা যাবে।
তবে বৃহস্পতিবার অনুশীলনের সময় চোট পাওয়া নেইমারকে এলচের বিপক্ষে দেখা যেতে পারে বলে আভাস দিয়েছেন এনরিক। ইনজুরিতে থাকা উইঙ্গার পেদ্রোও খেলতে পারেন বলে জানালেন বার্সা কোচ। গতকাল তিনি বলেন, ‘নেইমার? সে খেলবে কি-না তা আগামীকাল (আজ) দেখা যাবে। পেদ্রো? সেও আজ (গতকাল) সাধারণভাবেই অনুশীলন করেছে। নীতিগতভাবে, আমি তাদের দু’জনকেই গণনায় রাখছি।’
পুয়োলের জায়গায় অধিনায়ক হিসাবে নিয়োগ পাওয়া জাভিও মনে করছেন, এবারের মৌসুমে বার্সাকে বড় একটি শিরোপা এনে দেয়ার অভিজ্ঞতা কোচ এনরিকের রয়েছে। এই অর্জনের ব্যাপারে একপ্রকার গ্যারান্টিই দিয়েছেন জাভি, ‘লুইস এনরিক বার্সাকে ভাল করেই জানেন এবং এখানকার নিয়মের ব্যাপারে তার স্পষ্ট ধারণা আছে। আপনি যদি আমাদের অনুশীলনের দিকে তাকান, তাহলে দেখবেন তার তত্ত্বাবধানে সবকিছু ভালই হয়েছে। আমি মনে করি তার অধ্যায়টা ভালই হবে।’
৩৪ বছর বয়সী জাভি আরো বলেন, ‘আমরা ভাল কিছু খেলোয়াড় চুক্তিবদ্ধ করিয়েছি এবং আমাদের সার্বিক অনুভূতি অনেক ইতিবাচক। আমাদের দল ব্যবস্থাপনাও খুবই স্বচ্ছ, যেমনটা আমরা চাই। সত্যিই তিনি (এনরিক) আমাদের ক্লাবটাকে ভাল করে জানেন। এটাও জানেন যে, আমাদের চাওয়া কত ওপরে।’ গত মৌসুমে বার্সার পারফরম্যান্স এভাবেই মূল্যায়ন করলেন জাভি, ‘গত মৌসুমে আমরা আমাদের লক্ষ্য পূর্ণ করতে পারিনি। যদিও প্রতি বছর বার্সা কমপক্ষে একটি বড় শিরোপা জিততে চায়।’
দীর্ঘ দুই যুগ পর গত মৌসুমে লা লিগায় ফিরে এলচে। গত মৌসুমেও পয়েন্ট তালিকার ১৬তম স্থানে থাকা দলটি এবার নিয়ে ১৯৭৭ সালের পর টানা দু’বার লা লিগা খেলার কৃতিত্ব দেখাচ্ছে। দল বদলে সামপ্রতিক মাসগুলোতে বেশকিছু খেলোয়াড়কেও চুক্তিবদ্ধ করিয়েছে তারা। সীমিত রসদ নিয়েই আজ শক্তিশালী বার্সার বিপক্ষে ফাইট দিতে চাইবে অতিথি এলচে।—সকারওয়ে।
