ফিক্সিং কেলেঙ্কারি, খেলোয়াড়-অফিশিয়ালদের পাওনা পরিশোধ না করা, বোর্ডের সঙ্গে দলগুলোর চুক্তি মান্য না করা; এরকম সব ব্যাপারের কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ব্যাপারটাই হুমকির মধ্যে পড়ে গিয়েছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) খুব নিশ্চিত নয় যে, আদৌ এর তৃতীয় মৌসুম আলোর মুখ দেখবে কি না। কিন্তু অবশেষে আবার নড়েচড়ে বসেছে বিপিএল গভর্নিং কাউন্সিল।
গতকাল এক বৈঠক করে একেবারে খোলনলচে বদলে নতুন আদলে তৃতীয় বিপিএল আয়োজনের জন্য একগাদা সুপারিশ তৈরি করেছে তারা। এই সুপারিশগুলো ২৬ তারিখের বিসিবি সভায় উপস্থাপিত হবে। সভায় এগুলো পাস হলে হয়তো নতুন আদলে ডিসেম্বরেই মাঠে গড়াতে পারে তৃতীয় বিপিএল।
বিপিএল এখন নতুন করে মাঠে গড়ানোয় প্রধান সমস্যা দুটি—খেলোয়াড় ও কর্মকর্তাদের আগের সব পাওনা পরিশোধ করা এবং খেলাপী দলগুলোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া। এর মধ্যে আবার একটি দলকে নিয়ে দুর্নীতি বিরোধী ট্রাইব্যুনালে মামলাও হয়েছে। এসব বিষয়ে ইঙ্গিত করে সংস্কার প্রসঙ্গে বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক বললেন, ‘আটটি দলের মধ্যে সাতটি দলই কোনো না কোনো অর্থে ডিফলটার। এদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। পাওনা-দেনার ব্যাপারটা ফয়সালা করতে হবে। আমরা এগুলোর জন্য কিছু সুপারিশ করেছি। সিদ্ধান্ত নেয়া বোর্ডের ব্যাপার।’
এই সিদ্ধান্তটা যে বোর্ড থেকেই আসবে, সেটা বললেন গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান সিনহা আফজালুর রহমানও। তিনি অবশ্য বললেন যে, তারা যেসব সুপারিশ করেছেন, তাতে সব সমস্যা মিটিয়ে খেলা মাঠে গড়ানোর আশা করছেন তারা, ‘আমরা চাই এগুলো সমাধান করে খেলা মাঠে গড়াক। ঠিক কী কী সংস্কার করা হবে, সেটা বোর্ড সভার পর নিশ্চিত করা যাবে। তবে সংস্কার করতে হবে।’
চেয়ারম্যান ও সদস্য সচিব দুজনই ইঙ্গিত দিলেন যে, তারা ডিসেম্বরেই তৃতীয় এই বিপিএল আসরের আয়োজনের পক্ষে। তবে মল্লিক বলছিলেন, ‘আমাদের ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটের সূচি তো খুব আটোসাটো। তাই নিশ্চিত করা কঠিন। তবে সবকিছু ঠিক করা গেলে ডিসেম্বরে না হলেও পরের বছরে গিয়ে হতে পারে।’
