২০১৪-১৫ শিক্ষাবর্ষে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে। এবারও সবগুলো বিশ্ববিদ্যালয়ে অনলাইনে আবেদন করা যাবে। শিক্ষার্থীদের ইচ্ছানুযায়ী সব পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ সৃষ্টির জন্য পৃথক ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করেছে।
তবে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সুপারিশ আমলে নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ইউজিসি তাদের সুপারিশে জানিয়েছে, বর্তমানে দেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানসমূহে প্রথম বর্ষে ভর্তি প্রক্রিয়া অত্যন্ত ব্যয়বহুল এবং এই পরীক্ষার গুণগতমান বর্তমানে প্রশ্নবিদ্ধ। বর্তমান পদ্ধতিতে প্রতি শিক্ষার্থীকে ৬-১০টি ভর্তি পরীক্ষা দিতে হয়। এই দীর্ঘ সময় তারা কোচিং সেন্টারের শরণাপন্ন থাকে, মানসিক চাপ ও একই বিষয় নিয়ে দীর্ঘকাল অধ্যয়নরত থাকার ফলে তাদের সৃজনশীলতা বহুলাংশে হ্রাস পায়। ফলে কমিশন এই ভর্তি পরীক্ষার আমূল পরিবর্তনের সুপারিশ করে। আর শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদের বক্তব্যও প্রায় একই ধরণের। তিনি বলেন, বর্তমানে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ত্রুটিপূর্ণ। এইচএসসির পরীক্ষায় শিক্ষার্থীদের ৬০ ঘণ্টার বেশি সময় নিয়ে পরীক্ষা দিতে হয়। অথচ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিতে হয় মাত্র ১ ঘণ্টার। এই ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার জন্য শিক্ষার্থীরা কোচিং করে। এই ভর্তি পরীক্ষার ফলের মধ্য দিয়ে শিক্ষার্থীদের প্রকৃত মেধা যাচাই হয় না।
গত বছর শিক্ষা মন্ত্রণালয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে গুচ্ছ পদ্ধতির ভর্তির বিষয়ে সিদ্ধান্তের জন্য বৈঠক করেছিল। সে সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া আর সব বিশ্ববিদ্যালয় সমন্বিত উদ্যোগের প্রতি একমত পোষণ করে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা একসঙ্গে নেয়ার প্রস্তাব এসেছে। এ ক্ষেত্রে অনুষদভিত্তিক ৪ থেকে ৫টি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা একদিনেই একসঙ্গে অনুষ্ঠিত হবে। পরবর্তী বছর থেকে এই পদ্ধতি কার্যকর করার সিদ্ধান্ত হয়; কিন্তু এ বছর এই পদ্ধতি কার্যকর করার কোনো উদ্যোগ নেয়া হয়নি।
এ ব্যাপারে গত ১৩ আগস্ট এইচএসসি পরীক্ষার ফল ঘোষণাকালে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি আরো বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো স্বায়ত্তশাসিত, আমরা তাদের ওপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারি না। এ ছাড়া এর পেছনে অনেক বিষয় রয়েছে। বিশাল অংশের কোচিং বাণিজ্য হচ্ছে। বছরে প্রায় ৩২ হাজার কোটি টাকার বাণিজ্য হচ্ছে কোচিংয়ের নামে।
রাজধানীর ভিকারুন নিসা থেকে এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগের উত্তীর্ণ এক শিক্ষার্থী জানায়, সে ঢাকা, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেবে। এ কারণে তাকে সবগুলো বিশ্ববিদ্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশ নিতে হবে। গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা নিলে তাকে এই সমস্যায় পড়তে হতো না। গত বছর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়ার উদ্যোগ নেয়া হয়েছিল। তবে বিভিন্ন শাবিপ্রবির শিক্ষার্থীদের আন্দোলনের কারণে তা আর সম্ভব হয়নি। এ কারণে এবারও গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা নেয়ার উদ্যোগ থেকে সরে আসে।
কোথায় কবে ভর্তি পরীক্ষা
২০১৪-১৫ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) শ্রেণীর প্রথম বর্ষের ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এ আবেদন প্রক্রিয়া চলবে ৩১ আগস্ট বেলা ২টা পর্যন্ত। ভর্তিচ্ছুদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। বিজ্ঞান অনুষদের অধীন ক-ইউনিটের ভর্তি পরীক্ষা ১২ সেপ্টেম্বর, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের অধীন খ-ইউনিটের ভর্তি পরীক্ষা ১৯ সেপ্টেম্বর। আর বিভাগ পরিবর্তনকারী ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষা ২৬ সেপ্টেম্বর এবং চারুকলা অনুষদের অধীন চ-ইউনিটের ভর্তি পরীক্ষা ১৩ সেপ্টেম্বর ২০১৪ তারিখে অনুষ্ঠিত হবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তির জন্য এসএমএস এর মাধ্যমে আবেদন করতে হবে। ৩১ আগস্টের মধ্যে এ আবেদন করতে হবে। বিভিন্ন অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৩ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বরের মধ্যে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের ভর্তির আবেদন শুরু হয় ১৮ আগস্ট। ২৭ আগস্ট পর্যন্ত শিক্ষার্থীরা ভর্তি আবেদন করতে পারবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করা যাবে ২৫ আগস্ট থেকে। চলবে ১৪ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তির আবেদন আগামী ১ সেপ্টেম্বর শুরু হচ্ছে। আবেদন ফরম ১৫ অক্টোবর পর্যন্ত পূরণ করা যাবে। ভর্তি পরীক্ষা আগামী ১২ ও ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২১ ও ২২ নভেম্বর অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীরা ১ সেপ্টেম্বর রাত ১২টা ০১ মিনিট থেকে ৩১ অক্টোবর রাত ১২টা পর্যন্ত ভর্তির আবেদন করতে পারবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা আগামী ৪ সেপ্টেম্বর থেকে আবেদন করতে পারবেন। ৬ সেপ্টেম্বর পর্যন্ত এ আবেদন করা যাবে।
খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ৩০ অক্টোবর থেকে শুরু হবে। তিনদিন সময় নিয়ে এ পরীক্ষা চলবে ১ নভেম্বর পর্যন্ত। আগামী ২০ আগস্ট থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তিচ্ছুরা টেলিটক মোবাইল ফোনের মাধ্যমে এসএমএস পাঠিয়ে ভর্তির আবেদন করতে পারবেন।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষা আগামী ২৩ নভেম্বর শুরু হবে। চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। ৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত আবেদন জমা দেয়া যাবে এবং ২৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত প্রবেশপত্র গ্রহণ করা যাবে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ অক্টোবর অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার জন্য অনলাইন ফরম ফিলাপ চলবে ২৪ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত।
শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণীর ভর্তির আবেদন প্রক্রিয়া ০১ সেপ্টেম্বর রাত ১২টা ১ মিনিট থেকে শুরু হবে। চলবে ৩০ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৪ নভেম্বর।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আগামী ৬ ও ৭ নভেম্বর অনুষ্ঠিত হবে। অনলাইনে ভর্তি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম চলবে ১ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষা ১৫ নভেম্বর অনুষ্ঠিত হবে।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভর্তি পরীক্ষা আগামী ৩১ অক্টোবর। আবেদনপত্র অনলাইনে পূরণ ও জমা প্রদান শুরু হবে ২৩ সেপ্টেম্বর, চলবে ১৪ অক্টোবর পর্যন্ত।
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০১৪-১৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা আগামী ২৪ অক্টোবর অনুষ্ঠিত হবে।
