কথিত চুরির মিথ্যা অপবাদ সইতে না পেরে মিহির কান্তি বিশ্বাস (১৮) নামে সাতক্ষীরা ডে-নাইট কলেজের উচ্চ মাধ্যমিক ২য় বর্ষের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। শনিবার সাতক্ষীরা সরকারি কলেজের জিয়া হল সংলগ্ন সুমি ছাত্রাবাসের নিজ রুমে সে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। দুপুর ২টার দিকে ছাত্রাবাসের অন্যান্য রুমমেট অনেক ডাকাডাকি করেও তার কোন সাড়া শব্দ না পেয়ে রুমের জানালা ভেঙে দেখে সে আত্মহত্যা করেছে। মিহির কান্তি বিশ্বাস জেলার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের বজ বক্শা গ্রামের কালীপদ বিশ্বাসের একমাত্র ছেলে।
আত্মহননের আগে পিতার কাছে লিখে রেখে যাওয়া চার পৃষ্ঠার এক চিঠিতে মিহির উল্লেখ করেছে, চারদিন আগে অন্যের বাড়িতে মোবাইলে চার্জ দিতে যাওয়াকে কেন্দ করে তার বিরুদ্ধে ১০ হাজার টাকা চুরির অপবাদ দেয়া হয়। এ ঘটনায় সে লোকলজ্জার ভয়ে গ্রামে যেতে পারছিল না। এমনকি তার ‘প্রেমিকাকে’ কিভাবে মুখ দেখাবে তা নিয়ে সংশয়ে ছিল। চিঠিতে কথিত চুরির সাথে সে কোনভাবেই জড়িত নয় এবং যারা জড়িত তাদের শাস্তি দেয়ার জন্য অনুরোধ করেছে মিহির। মিহিরের বোন কৌশল্য রানী বিশ্বাস জানান, তারা পাঁচ ভাই-বোন। চার বোন এক ভাইয়ের মধ্যে মিহির সকলের ছোট। শনিবার সকালে গ্রামের কথিত টাকা চুরির বিষয়ে তাকে মোবাইলে বাড়ির লোকজন বকাবকি করে বিষয়টি মীমাংসার জন্য সাতক্ষীরা থেকে গ্রামের বাড়িতে যেতে বলে। এরপর থেকে সে আর মোবাইল ধরছিল না।
