নির্বাচন না হলে গণতন্ত্র ভূলুণ্ঠিত হত:নাসিম

আপডেট : ২৩ আগস্ট ২০১৪, ২২:২৫
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ৫ জানুয়ারির নির্বাচন না হলে এ দেশে সামরিক শাসন জারি হতো। দেশের গণতন্ত্র ভূ-লুণ্ঠিত হতো। শনিবার দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার দুর্গম চর মেছড়া ইউনিয়নের আখনাদীঘি চরে বন্যা দুর্গত এলাকায় ত্রাণ বিতরণকালে আয়োজিত এক সমাবেশে তিনি একথা বলেন। তিনি বলেন, বিএনপি যতই তর্জন-গর্জন করুক না কেন ২০১৯ সালের একদিন আগেও এদেশে কোন নির্বাচন হবে না। খালেদা জিয়া নির্বাচনের যে ট্রেন মিস করেছেন, সেই নির্বাচনী ট্রেন আবার আসলেই তবে তিনি ট্রেনে উঠতে পারবেন। পরে তিনি সিরাজগঞ্জ জেলা প্রশাসকের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বর্তমান বন্যা পরিস্থিতি ও বন্যা-উত্তর কর্মসূচি নিয়ে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন। এ সময় অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক বিল্লাল হোসেন, পুলিশ সুপার এসএম এমরান হোসেন উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতির খবর পেয়ে গত দু’দিন ধরে কাজীপুরের দুর্গম চর এবং সিরাজগঞ্জের দুর্গম চরে বন্যার্ত মানুষের মাঝে তিনি ত্রাণ বিতরণ করেন। বন্যা দুর্গত মানুষকে তিনি আশ্বস্ত করে বলেছেন, বন্যায় যতই ক্ষয়ক্ষতি হোক কেউ না খেয়ে থাকবে না। পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ আছে এবং তা পর্যায়ক্রমে বিতরণ করা হবে। মন্ত্রী দুর্গম আখনাদীঘি চরে বন্যা দুর্গত মানুষের কাছে গিয়ে সহানুভূতি জানান এবং ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এ সময় কয়েকজন হতদরিদ্র মানুষকে নিজের তহবিল থেকে নগদ টাকা বিতরণ করেন। এ সময় জেলা প্রশাসক বিল্ল¬াল হোসেন, পুলিশ সুপার এসএম এমরান হোসেন, সিভিল সার্জন ডা. শামসুদ্দিন, দলের সাধারণ সম্পাদক কেএম হোসেন আলী হাসান, সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ সালাহ্ উদ্দিনসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।