সরকার ক্ষমতায় থাকতে মরিয়া

আপডেট : ২৩ আগস্ট ২০১৪, ২২:৩০
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার ক্ষমতায় থাকতে মরিয়া হয়ে উঠেছে। তারা এখন আইন-শৃঙ্খলা বাহিনী দিয়ে ক্ষমতায় টিকে আছে। সরকার এখন সমপ্রচার নীতির মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করতে বিভিন্ন আইন করছে। গতকাল জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ‘দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের কারাবন্দিত্বের ৫০০ দিন’-শীর্ষক এক নাগরিক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমেদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য আফম ইউসুফ হায়দার, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ, এ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, ডা. এজেডএম জাহিদ প্রমুখ। ফখরুল বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে সরকার একটার পর একটা মিথ্যা মামলা দিচ্ছে। দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধেও একের পর এক মামলা দেয়া হয়েছে। এসবের উদ্দেশ্য একটাই- তাদেরকে রাজনীতি তথা নির্বাচন থেকে দূরে রাখা। তিনি বলেন, সরকার বিরোধী দলের কথা বলার অধিকার হরণ করছে। রাজপথে প্রতিবাদ করার অধিকারও আজ কেড়ে নেয়া হয়েছে। ঘরোয়া আলোচনা করতে গেলেও এখন অনুমতির প্রয়োজন হয়। মাহমুদুর রহমানের মুক্তির বিষয়ে তিনি বলেন, এ সরকারের কাছে মুক্তি চেয়ে কোন লাভ নেই। আন্দোলনের মাধ্যমে এদের ক্ষমতা থেকে সরিয়ে নতুন সরকার গঠন করে মাহমুদুর রহমানকে মুক্ত করা হবে। ফখরুল বলেন, ২১ আগস্টের গ্রেনেড হামলার পর বিএনপি দোষী ব্যক্তিদের বিচার করতে চেয়েছে। এখনো তা-ই চায়। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় এসে একাধিকবার মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন করেছে। সর্বশেষ একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে মামলার দায়িত্ব দেয়া হয়েছে। এরপর মামলায় তারেক রহমানকে অভিযুক্ত করা হয়েছে। এখন বলা হচ্ছে তত্কালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তার মন্ত্রীরাও এ ঘটনার সঙ্গে জড়িত।