যাচ্ছেতাই টেস্ট সিরিজের পর ওয়ানডে বিশ্বচ্যাম্পিয়ন তকমাটাও খুব বেশি কাজে লাগছে না ভারতের। আজ থেকে শুরু হতে যাওয়া পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে বেশ সতর্কভাবে শুরু করছে টিম ইন্ডিয়া।
টেস্ট সিরিজ শুরুর আগে ভারতের পারফরমেন্স নিয়ে প্রশ্ন ঠিকই ছিল। কিন্তু মাঠে বল গড়ানোর পর সেই প্রশ্নের উত্তরটা বেশ ঝাঁঝালোভাবেই দিয়েছিল ধোনি বাহিনী। প্রথম টেস্টের শুরু থেকেই ইংলিশদের উপর প্রাধান্য বিস্তার করে খেলে ম্যাচটি ড্র করে টিম ইন্ডিয়া। এরপর দ্বিতীয় টেস্ট জিতে তো সিরিজে লিডও নেয় ধোনি-কোহলিরা।
কিন্তু, ওখানেই শেষ ভারতের চমক। পরের তিন টেস্টে ভারতকে নাকানি চুবানি খাইয়ে ৩-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় ইংল্যান্ড। সফরকারী ব্যাটসম্যানদের নিয়ে ছেলেখেলাই করেছে ইংলিশ বোলাররা। কখনো অ্যান্ডারসন-ব্রড, আবার কখনো মঈন আলি নিজে। ফলে সিরিজ শেষে স্পষ্ট হয়েছে ব্যাটসম্যানদের চরম ব্যর্থতাতেই সিরিজ খোয়াতে হয়েছে ভারতকে।
তবে টেস্টের ভুলগুলো ওয়ানডে সিরিজে করতে রাজি নয় ভারত। তাই ব্যাটসম্যানদের বেশ সাবধানই থাকতে বললেন দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, ‘টেস্টে ইংল্যান্ড বোলারদের কৌশল বুঝতেই পারেনি আমাদের ব্যাটসম্যানরা। এ কারণেই সিরিজ হাতছাড়া হয়েছে আমাদের। ওয়ানডে সিরিজে টেস্টের ভুলগুলো করলে সাফল্যের স্বাদ নেয়াটা কঠিনই হবে। তাই দলের ব্যাটসম্যানদের আরো সতর্ক হতে হবে। বড় ইনিংস খেলার মানসিকতা নিয়ে ব্যাটিং করতে হবে। ব্যাটসম্যানরা ভালো কিছু করতে পারলে বোলারদের জন্য সুবিধা হবে। আর আমাদের বোলাররা এখন পর্যন্ত এই সফরে ভালোই বোলিং করেছে।’
টেস্ট সিরিজে ব্যাট হাতে খারাপ খেলেছে ভারত, তা কিন্তু নয়। ওয়ানডে ফরম্যাটে খেলতে নেমেও বাজে ব্যাটিং-এর প্রদর্শন করেছে তারা। সিরিজ শুরুর আগে একমাত্র প্রস্তুতিমূলক ম্যাচে মিডলসেক্সের বিপক্ষে ২৩০ রানে অলআউট হয় কোহলির দল। তবে ঐ ম্যাচ থেকে আশার আলো দেখেছে ভারতীয় শিবির। ৭২ রানের ঝকঝকে এক ইনিংস খেলেছেন কোহলি। আর প্রতিপক্ষকে ১৩৫ রানে অলআউট করে ভারতীয় বোলাররা জানান দেয়, ব্যাটসম্যানদের মত ফর্মহীনতায় ভুগছে না তারা।
দলের ব্যাটসম্যানদের ফর্ম নিয়ে ভারত যেখানে চিন্তিত, সেখানে বেশ ফুরফুরে মেজাজেই রয়েছে ইংল্যান্ড। ব্যাটিং-বোলিং দু’বিভাগেই ফর্মের চূড়ায় রয়েছে ইংলিশ খেলোয়াড়রা। তাই ওয়ানডে সিরিজেও ভালো খেলার ব্যাপারে আশাবাদী ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুক, ‘টেস্ট সিরিজের অনেকেই ওয়ানডে দলে রয়েছে। তাই ওয়ানডে ফরম্যাটেও দলের খেলোয়াড়রা ভালো খেলবে বলে আশাবাদী আমি। আমরা জানি, ওয়ানডেতে অনেক শক্তিশালী দল ভারত। তারপরও টেস্টের মত ওয়ানডেতেও ভালো ফল করতে চাই আমরা।’
আর কুকদের স্বস্তির আরেকটা বড় কারণ হতে পারে অতীত ইতিহাস। ২৪ বছরের পরিসংখ্যান বলে দেশের মাটিতে ভারতের কাছে ওয়ানডে সিরিজ হারেনি ইংল্যান্ড! বাসস/ক্রিকইনফো
