নিষিদ্ধ ঘোষিত পেসার মোহাম্মদ আমিরকে পুনরায় খেলায় ফেরাতে আগামী অক্টোবরে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতি বিরোধী আইন সংশোধনের অপেক্ষায় আছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবির এক সিনিয়র কর্মকর্তা জানান, দুর্নীতি বিরোধী বর্তমান আইনে সংস্কার করে নতুন আইন করার লক্ষ্যে আগামী অক্টোবরে বৈঠক করবে আইসিসি নির্বাহী বোর্ড। ঐ কর্মকর্তা ব্যাখ্যা করে বলেন, দুর্নীতি বিরোধী আইনে একবার সংস্কার আনা হলে সেখানে নিষিদ্ধ ঘোষিত খেলোয়াড়দের অনুশীলন করতে দেয়া হবে। এমনকি নিষিদ্ধাদেশের সময় শেষ হওয়ার আগেই তারা ক্লাব অথবা ঘরোয়া ক্রিকেট খেলার সুযোগ পাবে। তিনি বলেন, পিসিবির অনুরোধেই আইসিসি নির্বাহী কমিটি দুর্নীতি বিরোধী সংস্কার করতে যাচ্ছে। ঐ কর্মকর্তা আরো বলেন, ‘যুক্তরাজ্যে আমাদের আইন পরামর্শকের সঙ্গে আলোচনা করে আমরা এ ইস্যুটি তুলেছি।’ নিষেধাজ্ঞা কাটিয়ে খেলোয়াড়দের আবার মাঠে ফেরার প্রক্রিয়া সহজতর করার লক্ষ্যেই পিসিবির এই সিদ্ধান্ত জানিয়ে তিনি বলেন, ‘শাস্তির মেয়াদ শেষ হওয়ার আগেই নিষিদ্ধ ঘোষিত খেলোয়াড়রা যাতে খেলায় ফিরতে পারে- পিসিবির এমন অনুরোধকে বিবেচনা করেই আইসিসি কমিটি বর্তমান আইনে সংশোধন আনতে যাচ্ছে।’
