বাংলাদেশ অনূর্ধ্ব ২৩ দল আগামী মাসে কোরিয়ার ইঞ্চিয়নে অনুষ্ঠেয় ১৭তম এশিয়ান গেমসের ফুটবলে প্রথম রাউন্ড পার হওয়াটাকে লক্ষ্য হিসাবে ঠিক করেছে। অন্তত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি তাবিথ আউয়াল এমনটাই জানান।
নেপালের এশিয়ান গেমসগামী দলের সাথে দেশের মাটিতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার প্রাক্কালে তিনি এ কথা বলেন। নেপাল দল বাফুফের আমন্ত্রণে ঢাকা ও সিলেটে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। আজ বিকালে দলটি ঢাকায় এসে পৌঁছাবে। কালকের খেলাটির আগে নেপাল অনূর্ধ্ব ২৩ দল সাভারের বিকেএসপিতে থাকবে। দলটি ২৯ আগস্ট শুক্রবার সিলেট বিভাগীয় স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচ খেলবে। ম্যাচ দুটির মাধ্যমেই নিজেদের প্রস্তুতির ঘাটতি কাটিয়ে ওঠার কথা জানিয়েছেন বাফুফের এই কর্মকর্তা। এশিয়ান গেমসে বাংলাদেশ দলের লক্ষ্য প্রসঙ্গে তিনি বলেন, এশিয়ান গেমসে আমরা প্রথম রাউন্ড টপকাতে চাই।’
বাংলাদেশ ইঞ্চিয়নে উজবেকিস্তানে, হংকং ও সাফ চ্যাম্পিয়ন আফগানিস্তানের সাথে।
গতকাল বাফুফে ভবনে ম্যাচ দুটির টাইটেল স্পন্সর এসএস স্টিল-এর নাম জানানোর জন্য আয়োজিত সংবাদ সম্মেলনে তাবিথ বলেন, ‘প্রীতি ম্যাচ সিরিজে আমরা ভালো মানের খেলা উপহার দিতে চাই। এই সিরিজটা আমাদের প্রস্তুতি ঘাটতি কাটিয়ে উঠার অন্যতম মাধ্যম। ফুটবলের আমেজ সারা দেশে ছড়িয়ে দেয়ার জন্যই দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটি সিলেট স্টেডিয়ামে করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিলেট বিভাগীয় স্টেডিয়াম খেলা আয়োজনের জন্য প্রস্তুত।’
সিরিজ আয়োজনের যত টাকা খরচ হবে তা স্পন্সর প্রতিষ্ঠানটি বহন করবে বলে জানিয়েছেন এসএস স্টীল কোম্পানির চেয়ারম্যান কাজী শাকিল।
নেপাল-বাংলাদেশ দলের মধ্যকার প্রথম প্রীতি ম্যাচটি আগামীকাল মঙ্গলবার ৪টায় আর্মি স্টেডিয়ামে শুরু হবে। সিরিজের দ্বিতীয় ম্যাচটি ২৯ আগস্ট শুক্রবার সিলেট বিভাগীয় স্টেডিয়ামে বিকাল ৫টায় শুরু হবে। খেলা দুটি বিটিভি সরাসরি সম্প্রচার করবে। খেলার টিকিটের মূল্য ২০ টাকা। আজ সোমবার থেকে খেলার টিকিট বিক্রি শুরু হবে। ঢাকার ম্যাচের টিকিট বাফুফে ভবন থেকে ক্রয় করা যাবে। আর দ্বিতীয় ম্যাচের টিকিট সিলেট শহর থেকে ক্রয় করা যাবে।
