বাংলাদেশের ঘরোয়া ফুটবলের অন্যতম আলোচিত কোচ মারুফুল হককে এক বছরের জন্য সব ধরণের ফুটবল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটি। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বর্তমান ফুটবল কোচ মারুফুলকে এ ছাড়াও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরো এক মাস বহিস্কৃত থাকবেন তিনি। সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বাফুফে জানিয়েছে, ‘কোড অব কন্ট্রাক্ট’ বহির্ভূত আচরণ করায় এই সিদ্ধান্ত নিয়েছে তারা।
এছাড়া বাফুফের লিগ কমিটির বৈঠকে চ্যাম্পিয়নশীপ লিগে পাতানো ম্যাচ খেলার দায়ে ফরাশগঞ্জ ক্লাবকে ৫ লাখ টাকা জরিমানা, সঙ্গে লিগের অর্জিত পয়েন্ট থেকে ৯ পয়েন্ট কর্তন এবং ওয়ারী ক্লাবকে ৪ লাখ টাকা জরিমানা, সঙ্গে ৬ পয়েন্ট কর্তন করা হয়েছে।
এ ছাড়া পাতানো ম্যাচে জড়িত থাকার অপরাধে ওয়ারী ক্লাব কর্মকর্তা মহিদুর রহমান মিরাজকে এক বছরের জন্য এবং আবদুর রাজ্জাক ও ফরিদ হোসেনকে ২ মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে। সঙ্গে লিগ কমিটির সমালোচনা করার অপরাধে শেখ জামালের কোচ মারুফুল হককে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে লিগ কমিটি। ওয়ারী ক্লাবের উথিং সিং মারমা’কে ৩টি ম্যাচ, আবুল হাসনাথ বিপুল’কে ২ ম্যাচ মোঃ সাইফুল ইসলাম’কে ২টি ম্যাচ মোঃ রোমান’কে ২ ম্যাচ বহিস্কার করেছে বাফুফে। এছাড়া বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক আয়োজিতব্য সকল কার্যক্রমে ওয়ারী ক্লাব ও ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব উপর কঠোরভাবে পর্যাবেক্ষন করা হবে।
গত ২১ মে চ্যাম্পিয়নশিপ লিগে ফরাশগঞ্জ ক্লাব ৩-২ গোলে ওয়ারী ক্লাববে হারায়। এ ম্যাচটি পাতানো বলে অভিযোগ উঠলে বাফুফের পাতানো ম্যাচ তদন্ত কমিটি বাচাই-বছাই করে নিশ্চিত হয়েছে ম্যাচটি পাতানো ছিল। বাইলজ অনুযায়ী ফরাশগঞ্জের ম্যাচের অর্জিত ৩ পয়েন্ট এবং পেনাল্টি হিসেবে আরও ৬ পয়েন্ট কর্তন করেছে লিগ কমিটি। ফলে চ্যাম্পিয়শিপ লিগে ৩৫ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়ে পেশাদার লিগে খেলা অনিশ্চিত হয়ে পড়েছে ফরাশগঞ্জের। কেননা ২৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে অগ্রণী ব্যাংক। পয়েন্ট কাটা যাওয়ায় এখন ফরাশগঞ্জের পয়েন্টও ২৬।
