মাত্র নয় সেকেন্ডের মধ্যে গোল করে জার্মান লীগে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন বায়ার লিভারকুসেনের উইঙ্গার করিম বেলারাবি। বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে বুন্দেসলিগায় তিনি এই গোল করে নতুন রেকর্ড গড়েন। এর আগে বায়ার্ন মিউনিখের জিওভানি এলবার দুই সেকেন্ড বেশি নিয়ে এই রেকর্ডের মালিক ছিলেন। ১৯৯৮ সালের ৩১ জানুয়ারি ব্রাজিলিয়ান এই স্ট্রাইকার হামবুর্গের বিপক্ষে ১১ সেকেন্ডে গোল করে এতদিন পর্যন্ত বুন্দেসলিগায় দ্রুততম গোলের মালিক ছিলেন। জার্মান সুপার কাপের বিজয়ীদের বিপক্ষে শনিবারের ম্যাচ দিয়ে লিভারকুসেন তাদের বুন্দেসলিগা মিশন শুরু করেছে। মাত্র তিন পাসের মাধ্যমে ২৪ বছর বয়সী বেলারাবি বরুসিয়ার ডি বক্সের মধ্যে বল পেয়ে ডিফেন্ডার ম্যাথিয়াস গিনটারকে ফাঁকি দিয়ে বল জালে জড়ান। নড়েচড়ে বসার আগেই ঘরের মাঠ সিগন্যাল ইডুনা পার্কে এই গোলের পরে পুরো স্টেডিয়াম নিশ্চুপ হয়ে যায়। ম্যাচটিতে বায়ার লিভারকুসেন ২-০ গোলে জয়ী হয়েছে।
