জবাবদিহিতা চান হতাশ আকরাম

আপডেট : ২৪ আগস্ট ২০১৪, ২২:১৯
বাংলাদেশ দলের চলমান পারফরম্যান্সে ক্রিকেট সংশ্লিষ্ট সবাই-ই কমবেশী হতাশা প্রকাশ করছেন। কেউ কেউ ক্ষোভও প্রকাশ করছেন। জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক এবং বর্তমান বোর্ডের ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খানও হতাশা প্রকাশ করেছেন। সেই সঙ্গে তিনি বলেছেন, সিরিজ শেষে ম্যানেজমেন্টের কাছ থেকে এই পারফরম্যান্সের জন্য জবাবদিহিতা চান তারা। জাতীয় দলের পারফরম্যান্স নিয়ে আকরাম বলছিলেন, ‘খুবই খারাপ লাগছে। আশা করছিলাম প্রথম ম্যাচ হারের পর বাংলাদেশ ভাল করবে। আমাদের যে মান, তার থেকে আমরা অনেক খারাপ খেলেছি। খেলোয়াড়রা যে কষ্ট করছে না, সেটা বলা যাবে না।’ ক্রিকেট দল যে এই সময়ে এসে এরকম পারফরম্যান্স করছে টানা, সেটাকে আকরাম বড়সড় ব্যর্থতা হিসেবেই চিহ্নিত করছেন, ‘এটা অবশ্যই আমাদের ক্রিকেট দলের ব্যর্থতা। কোন কিছু লুকাবার নেই। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। বোলিং-ফিল্ডিং মোটামুটি হলেও ব্যাটিং আমরা ব্যর্থ হচ্ছি।’ আকরাম পরিষ্কার বলে দিয়েছেন, তারা এটা ভালোভাবে নিচ্ছেন না, এর জবাব চান তারা, ‘আমাদের কাছে এই জিনিসটা আসলে ভাল লাগছে না। কেননা এবার প্রথম আমরা যারা নির্বাচক তাদেরকে আমরা স্বাধীনতা দিয়েছি; শুধু তাই দলের ব্যবস্থাপনা কি হচ্ছে তা আমরা দেখছি। যতই হাইপ্রোফাইল কোচ হোক, নির্বাচক হোক কিংবা খেলোয়াড় হোক জবাবদিহিতা কিন্তু থাকতে হবে। সিরিজ শেষে এগুলো নিয়ে বসব এবং এসব সমস্যা থেকে কিভাবে বের হওয়া যায় সেসব আলোচনা করব।’