টি-টোয়েন্টিতে নেই বদ্রি

আপডেট : ২৪ আগস্ট ২০১৪, ২২:১৯
বাংলাদেশের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি ব্যাটসম্যানদের সামনে ত্রাস হয়েই হাজির হয়েছিলেন। ক্রিকেটের সংক্ষিপ্ত ভার্সনে নিজের সেরা বোলিং ফিগারটাও আবার এই বাংলাদেশের বিপক্ষেই। বিশ্বকাপেই মুশফিকুর রহিমের দলের বিপক্ষে চার ওভার বল করে ১৫ রান দিয়ে নিয়েছিলেন চার উইকেট। তবে, সেইন্ট কিটস অ্যান্ড নেভিসে আগামী ২৭ আগস্ট বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে ইনজুরির কারণে থাকছেন না ৩৩ বছর বয়সী এই লেগ স্পিনার। তার পরিবর্তে দলে নেয়া হয়েছে বাম হাতি স্পিনার সুুলিমান বেন। এর বাদে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের (ডব্লিউআইসিবি) দেয়া ১৩ সদস্যের দলে পরিবর্তন দুটি। গত জুলায়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে অনুষ্ঠিত টি-টোয়েন্টি সিরিজ না খেলা ক্রিস গেইল ও ডোয়াইন ব্রাভো দলে ফিরেছেন। এই দুজনকে জায়গা দিতে বাদ পড়েছেন ড্যারেন ব্রাভো ও ক্রিস্টোফার বার্নওয়েল। টি-টোয়েন্টি স্কোয়াড : ড্যারেন স্যামি (অধিনায়ক), সুলিমান বেন, ডোয়াইন ব্রাভো, শেল্ডন কোট্রেল, আন্দ্রে ফ্লেচার, ক্রিস গেইল, সুনীল নারাইন, কাইরন পোলার্ড, দিনেশ রামদিন, আন্দ্রে রাসেল, ক্রিশমার সান্তোকি, লেন্ডল সিমন্স, ডোয়াইন স্মিথ।