আজ থেকে কোর্টে গড়াচ্ছে বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেন। টেনিসের মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টের এবারের আসরে নি:সন্দেহে স্পটলাইটটা থাকবে রজার ফেদেরার এবং সেরেনা উইলিয়ামসের উপর। কারণ দারুণ দুটি ব্যক্তিগত অর্জনের সামনে দাঁড়িয়ে পুরুষ এবং মহিলা এককের এই দুই হট ফেভারিট। দুইজনের ক্ষেত্রেই এটা হবে ক্যারিয়ারের অষ্টাদশতম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা।
যা কিনা পুরুষ এককে সর্বকালের সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম বিজয়ীর তালিকায় আরেক ধাপ এগিয়ে দেবে ফেদেরারকে। আর টুর্নামেন্টের গত আসরের চ্যাম্পিয়ন সেরেনা নাম লেখাবেন ক্রিস এভার্ট, মার্টিনা নাভ্রাতিলোভার সারিতে।
টেনিস ভক্তদের আকর্ষণ বাড়াতে কোর্টের লড়াইয়ের বাইরে থাকছে প্রাইজমানির বিষয়টিও। অতীতের সব রেকর্ড ভেঙ্গে এবার টুর্নামেন্টের মোট প্রাইজমানি থাকছে প্রায় চার কোটি ডলার। যার মধ্যে দুই এককের দুই চ্যাম্পিয়ন পাবেন ত্রিশ লাখ ডলার করে।
২০০২ সালের পর থেকে প্রায় প্রতিটি গ্র্যান্ড স্ল্যামেই নিজের ঝলক দেখিয়েছেন সেরেনা। সেইসাথে প্রশস্ত হয়েছে রেকর্ড গড়ার পথও। আর একটি গ্র্যান্ড স্ল্যাম জিতলে ১৮তম শিরোপার মালিক হবেন সেরেনা। ফলে সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জয়ের তালিকায় ক্রিস ইভার্ট ও মার্টিনা নাভ্রাতিলোভার সাথে চতুর্থ স্থানে থাকবেন ৩২ বছর বয়সী সেরেনা।
তবে এই রেকর্ডটি আরো আগেই তার হতে পারতো। সেটা স্বীকার করতে দ্বিধা নেই এই আমেরিকান তারকারও, ‘অস্ট্রেলিয়ান, উইম্বলডন ও ফ্রেঞ্চ ওপেনেই এমন রেকর্ড হতে পারতো। কিন্তু হয়নি। তবে এই টুর্নামেন্টে আমি শিরোপা জিততে চাই যাতে আমাকে আর অপেক্ষা করতে না হয়। আশা করছি এবারই স্বপ্ন পূরণ হবে।’
তবে সেরেনার চলতি মৌসুমটা মোটেই ভাল কাটছে না। চলতি মৌসুমে একটি গ্র্যান্ড স্ল্যামেরও ফাইনালে পৌঁছাতে পারেননি। তবে ইউএস ওপেনের আগে শেষ টুর্নামেন্টে শিরোপা জিতে আত্মবিশ্বাস কিছুটা হলেও ফিরে পেয়েছেন তিনি।
২০০৩ সালে প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন ফেদেরার। উইম্বলডনের ঐ শিরোপা জেতার পর সময় যত গড়িয়েছে ততই অপ্রতিরোধ্য হয়েছেন তিনি। ফলে এখন তার ঝুলিতে জমা ১৭টি গ্র্যান্ড স্ল্যাম। এবার আরও একটি গ্র্যান্ড স্ল্যাম জয়ের প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে ফেদেরারের সামনে।
নিজের ১৫তম ইউএস ওপেন ও ক্যারিয়ারের ৬৪তম গ্র্যান্ড স্ল্যাম খেলতে নামবেন ফেদেরার। যদি এবারের টুর্নামেন্টের শ্রেষ্ঠত্বের মুকুট পরতে পারেন ফেদেরার, তবে ইতিহাস লেখাবেন নতুন করে। কারণ গত ৪০ বছরের ইতিহাসে এত বেশি বয়সে শিরোপা জেতার নজির নেই একটিও। তবে এসব বিষয় নিয়ে ভাবছেন না ৩৩ বছর বয়সী এই তারকা, ‘কোর্টে আরো একটি মহা লড়াইয়ের জন্য প্রস্তুত আমি। শুধু নিজের স্বাভাবিক খেলাটাই খেলতে চাই। রেকর্ড নিয়ে ভাবার কোন অবকাশ নেই। এ বছর আমি অনেক ভালো-ভালো ম্যাচ খেলেছি।
