কোচ ব্রেন্ডন রজার্স আজ সোমবার ম্যানচেস্টার সিটির মাঠে আসন্ন লড়াইয়ে তার বর্তমান আক্রমণভাগকে দিয়েই শিরোপাধারীদের মোকাবিলা করবেন। কেননা ম্যারিও বালোতেল্লি গত শুক্রবার লিভারপুলের মেলউড অনুশীলন মাঠে এলেও তাকে তখন পর্যন্ত চুক্তি করানো যায়নি।
সিটি ও লিভারপুল হলো গেলবারের চ্যাম্পিয়ন ও রানার্স আপ। দলদুটির এ লড়াই মাঠে গড়ানোর আগ পর্যন্ত ম্যান সিটির সাবেক স্ট্রাইকার বালোতেল্লিকে ঘিরেই যে সমস্ত আলোচনা চলবে তাতে কোন সন্দেহ নেই। ধারণা করা হচ্ছে এক কোটি ৬০ লাখ ইউরো মূল্যে খেলোয়াড়টিকে চুক্তি করাতে যাচ্ছে লিভারপুল।
লিভারপুল কোচ তাই বালোতেল্লিকে পাওয়ার আগে আক্রমণভাগে ফিলিপে কটিনহো, রাহিম স্টারলিং এবং ড্যানিয়েল স্টুরিজকেই খেলাতে যাচ্ছেন। প্রথম ম্যাচে সাউদাম্পটনের বিপক্ষে এই দল নিয়েই ২-১ ব্যবধানে জিতে আত্মবিশ্বাসী হয়েই ইত্তেহাদ স্টেডিয়ামে যাচ্ছে লিভারপুল। অ্যানফিল্ডে অনুষ্ঠিত প্রথম ম্যাচে অতিথি সাউদাম্পটনের জালে দু’টি গোলই করেন দুই ইংলিশ স্টারলিং এবং স্টুরিজ।
রজার্স ইত্তেহাদে বেশ ক’জন শীষ্যকে পাচ্ছেন না। এদের মধ্যে রয়েছেন অ্যাডাম লালানা, জন ফ্ল্যানেগান এবং ড্যানিয়েল অ্যাগের, তারা সবাই হাঁটুর চোটে ভুগছেন। এরপরও দলের বাকি খেলোয়াড়দের নিয়ে সিটির বিপক্ষে উন্মুক্ত লড়াইয়ে ভাল কিছু প্রত্যাশা করছেন লিভারপুল কোচ। রজার্স বলেন,‘আপনি যদি দু’দলের খেলোয়াড়দের দিকে তাকান তাহলে অনেক উদ্ভাবন দেখতে পাবেন, দেখতে পাবেন অনেক সৃজনশীলতা। খেলায় দু’দলই সৃষ্টিশীল হবে এবং গোল করতে চাইবে।’
লিভারপুল সর্বশেষ লড়াইয়ে গত মৌসুমে ম্যানসিটিকে ৩-২ গোলে হারিয়ে দিয়েছিল। এই জয়ের মধ্য দিয়ে শিরোপার লড়াই জমিয়ে তুলেছিল রজার্সের দল। তবে পরবর্তী দুই ম্যাচে চেলসি এবং ক্রিস্টাল প্যালেসের কাছে লিভারপুল পয়েন্ট খোয়ালে দু্ই পয়েন্ট বেশি নিয়ে গত তিন মৌসুমের মধ্যে দ্বিতীয়বার লিগ শিরোপা জিতে ম্যানসিটি।
যুক্তরাষ্ট্রে প্রাক মৌসুম ফুটবলেও ম্যানসিটি-লিভারপুল দু’টি প্রীতি ম্যাচ খেলেছে। নিউইয়র্কে অনুষ্ঠিত তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দু’টি লড়াইয়েই টাইব্রেকারে জয় পায় লিভারপুল। তবে গত মৌসুমে ইংলিশ লিগের সেরা তারকা লুইস সুয়ারেজকে এবার পাচ্ছে না দ্য রেডস নামে খ্যাত দলটি। মোটা অংকের অর্থের বিনিময়ে উরুগুয়ের এই স্ট্রাইকার এখন বার্সেলোনায়। এরপরও লিভারপুলকে ভালভাবেই মূল্যায়ন করছেন স্বাগতিক কোচ ম্যানুয়েল পেলেগ্রিনি, ‘সাউদাম্পটনের বিপক্ষে আমি লিভারপুলকে দেখেছি এবং আমরাও যুক্তরাষ্ট্রে তাদের বিপক্ষে খেলেছি। আমরা জানি তারা কী করছে। এক খেলা পরেই তাদের সম্পর্কে কিছু বলা কঠিন হবে। কিন্তু লিভারপুল সবসময় সুয়ারেজের অভাব অনুভব করবে। সে খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিল। তবে তারা অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে এরই মধ্যে নিয়ে এসেছে এবং শক্তিশালী একটি দল গড়ার কাজ চালিয়ে যাচ্ছে।’
পায়ে চোট পাওয়ায় গুরুত্বপূর্ণ লড়াইয়ে আজ স্ট্রাইকার আলভেরো নেগ্রেদোকে পাচ্ছে না ম্যানসিটি। তবে বিশ্বকাপ শেষে শীষ্যরা ফিরে আসায় এবং চোট কাটিয়ে ওঠায় সবক্ষেত্রেই পর্যাপ্ত বিকল্প পাচ্ছেন পেলেগ্রিনি। —সকারওয়ে।
