চট্টগ্রামে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

আপডেট : ২৪ আগস্ট ২০১৪, ২২:৩৭
বকেয়া বেতনের দাবিতে গতকাল রবিবার নগরীর অলংকার মোড়ে ভিউমন্ড গার্মেন্টসের সহস্রাধিক শ্রমিক সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ সময় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে বিক্ষুব্ধ শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। জানা যায়, ভিউমন্ড গার্মেন্টস গত জুন মাস থেকে উত্পাদন বন্ধ রেখেছে। কর্তৃপক্ষ শ্রমিকদের মে মাসের অর্ধেক বেতন দিয়ে তাদের অন্যত্র চাকরি খুঁজতে বলেন। গতকাল শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের কথা ছিল বলে প্রায় ১১শ’ শ্রমিক কারখানার সামনে জড়ো হয়। বিকেল ৩টায় শ্রমিকদের জানানো হয় তাদের আজ বেতন দেয়া হচ্ছে না। এতে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করে। শিল্প পুলিশের পরিদর্শক আরিফ আহমেদ জানান, আমরা মোবাইল ফোনে গার্মেন্টস মালিক শামীম আহমেদের সাথে যোগাযোগ করেছি। তিনি আগামী বুধবার বেতন পরিশোধের আশ্বাস দিয়েছেন।