জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নিজ কণ্ঠে গাওয়া গানসহ প্রথম রেকর্ড করা ১৯ শিল্পীর একটি করে নজরুল সঙ্গীত নিয়ে সাজানো স্টার মেলোডিজ ও দ্য ডেইলি স্টারের নিয়মিত ‘বাংলা গানের আসর’ অনুষ্ঠিত হয়েছে। গানগুলো পরিবেশন করেন দেশের বিশিষ্ট শিল্পীরা।
গতকাল রবিবার ডেইলি স্টার-বেঙ্গল প্রিসিঙ্কট্্ মিলনায়তনে অনুষ্ঠিত হয় ব্যতিক্রমধর্মী এই অনুষ্ঠান। নজরুলের স্বকণ্ঠে গাওয়া ‘পাষাণের ভাঙালে ঘুম’ গানটি পরিবেশন করেন খায়রুল আনাম শাকিল, কিরণময়ী দাসীর গাওয়া ‘কে মল্লিক’ গানটি পরিবেশন করেন সুমন চৌধুরী, হরিমতি দেবীর গাওয়া ‘পিয়া গেছে পরদেশ’ পরিবেশন করেন ফাতেমা তুজ জোহরা, ইন্দুবালা দেবীর গাওয়া ‘চেওনা সুনয়না’ গানটি করেন নাশিদ কামাল। এছাড়াও অনুষ্ঠানে সেই সময়ের গানগুলো পরিবেশন করেন-ডালিয়া নওশিন, সুজিত মোস্তাফা। শিল্পীদের পরিবেশিত গানের মধ্যে ছিলো শাওন রাতে যদি, জানি জানি প্রিয়, চাঁপা রঙের শাড়ি আমার, হে প্রিয় আমারে দেবোনা ভুলিতে ইত্যাদি।
কাজী নজরুল ইসলামের প্রথম গ্রামোফোন রেকর্ড ‘জাতের নামে বজ্জাতি সব’। এটি ১৯২৫ সালে হরেন্দ্রনাথ দত্ত নামের এক সৌখিন গায়কের কণ্ঠে রেকর্ড করা হয়েছিল, যিনি ছিলেন পেশায় উকিল। এরপর অনেক বিখ্যাত ও স্বল্প পরিচিত শিল্পীর কণ্ঠেই রেকর্ড প্রকাশিত হয় নজরুল ইসলামের গান। এর মধ্যে স্বয়ং নজরুলও কণ্ঠ দেন ৫/৬টি গানে। এই গানগুলোর মধ্য থেকে নজরুলসহ বিশিষ্ট ১৯ জন কণ্ঠশিল্পীর ১টি করে গান, যেগুলো প্রথমবারের মতো রেকর্ডে প্রকাশিত হয়েছিলো নজরুল সুস্থ থাকাকালীন সময় পর্যন্ত।
পূরবী বিশ্বাসের অ্যালবামের
মোড়ক উন্মোচন
‘বহু যুগের ওপার থেকে’, ‘জাগরণে যাই বিভাবরী’, ‘নিবিড় ঘন আঁধারে’, ‘আমি হূদয়ের কথা বলিতে ব্যাকুল’সহ বাছাই করা দশটি রবীন্দ্র সঙ্গীত নিয়ে প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী পূরবী বিশ্বাসের একটি একক রবীন্দ্র সঙ্গীতের অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে অ্যালবামের মোড়ক উন্মোচন করেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক কাজী আখতার উদ্দিন আহমেদ, কণ্ঠশিল্পী সাদী মহম্মদ, সামিনা চৌধুরী ও অণিমা রায়। এ সময় উপস্থিত ছিলেন অ্যালবামটির সঙ্গীত পরিচালক তানভীর তারেক ও ফাহিম মিউজিকের কর্ণধার মনির হাওলাদার।
