ইউপিএ সরকারে হাত-পা বাঁধা ছিল মনমোহনের

আপডেট : ২৪ আগস্ট ২০১৪, ২২:৪০
ভারতের প্রাচীনতম কংগ্রেস দলের নেতারা নতুন আরো একটি বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হলেন। এবার বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন করলেন কংগ্রেস শাসনের সময়ের মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) বিনোদ রায়। তিনি একটি বই লিখেছেন যাতে বলা হয়েছে, কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চার (ইউপিএ) সরকারে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের হাত পা ‘বাঁধা’ ছিল। তার ক্ষমতা ছিল সীমিত। এর আগেও সাবেক কয়লা বিষয়ক সচিব পিসি পারেখ, মনমোহন সিংয়ের সাবেক গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা সঞ্জয় বারু এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী নটোবর সিং তাদের বইতে ইউপিএ সরকারে মনমোহন সিংয়ের ক্ষমতা প্রয়োগের দুর্বলতার কথা তুলে ধরেছিলেন। আগামী মাসে বিনোদের বইটি প্রকাশিত হবে। এর মধ্যেই বইটি আলোড়ন তুলেছে। বইতে তিনি কয়লা খনি কেলেঙ্কারি এবং কমনওয়েলথ গেমস কেলেঙ্কারির ঘটনা তুলে ধরেছেন। এতে তিনি লিখেছেন, এইসব কেলেঙ্কারিতে কংগ্রেস দলের নেতারা জড়িত থাকলেও তিনি তাদের নাম দিতে পারেননি। তার বাসায় গিয়ে কংগ্রেস নেতারা কেলেঙ্কারির ঘটনার তদন্তে তাদের নাম না দিতে চাপ সৃষ্টি করেছেন। তিনি এ নিয়ে পার্লামেন্টের পাবলিক অ্যাকাউন্ট কমিটিতেও ব্যাপক চাপের সম্মুখীন হয়েছেন। এমনকি আমলাদের দিয়েও তার ওপর চাপ প্রয়োগ করা হয়েছে। তিনি লিখেছেন, দুর্নীতির জন্যই লোকসভা নির্বাচনে কংগ্রেসের এমন শোচনীয় পরাজয় হয়েছে।