নওয়াজের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন :ইমরান

আপডেট : ২৪ আগস্ট ২০১৪, ২২:৪২
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের শীর্ষনেতা ও সাবেক ক্রিকেট তারকা ইমরান খান বলেছেন, প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পদত্যাগ না হওয়া পর্যন্ত তিনি আন্দোলন চালিয়ে যাবেন। যদিও দলের ভেতর থেকে এই আন্দোলনের সুফল নিয়ে সংশয় আছে, তবু ইমরান মনে করছেন নওয়াজকে বিপদে ফেলার এখনই সময়। পিটিআই অপেক্ষাকৃত ছোট দল হওয়া সত্ত্বেও যেভাবে নওয়াজ শরিফের সরকারের মনে ভয় ঢুকিয়ে দিতে পেরেছে তাতে দারুণ উজ্জীবিত নেতা-কর্মীরা। খবর দ্য ডন ও এক্সপ্রেস ট্রিবিউনের। গতকাল রবিবার ইসলামাবাদে এক বিক্ষোভ সমাবেশে ইমরান বলেন, কারচুপি করে ক্ষমতায় আসা নওয়াজ শরিফের সরকার হঠানোর জন্য এর চেয়ে উপযুক্ত সময় আর পাওয়া যাবে না। একারণে তার পতন না ঘটিয়ে তিনি ঘরে ফিরে যাবেন না। পিটিআই নেতাকর্মীরা তার এই মন্তব্যের পর দলে দলে বিক্ষোভে সামিল হতে শুরু করেছেন। কিন্তু দলের একটি অংশ মনে করছে, এমন ঘোষণা দিয়ে ইমরান খান একটু বেশি ঝুঁকি নিয়ে ফেললেন। কারণ, কাদরির পাকিস্তান আওয়ামী তাহরিক (পিএটি) ছাড়া আর কোনো দল তাদের আন্দোলনে সমর্থন দেয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক এক পিটিআই নেতা ডন নিউজকে বলেন, আমরা যদি পার্লামেন্টের ভেতরে ও বাইরে সবগুলো দলকে শত্রু বানিয়ে ফেলি তবে আমাদের যখন মিত্র দরকার হবে তখন কি করব? আন্দোলনে আসতে যারা রাজি হয়নি, ইমরান তাদের কঠোর ভাষায় আক্রমণ করছেন। এ কাজটা ঠিক হচ্ছে না বলে তিনি মনে করেন। ইমরান খান এর আগে মন্তব্য করেছিলেন, নওয়াজ শরিফের পতন ঘটিয়ে ‘নতুন পাকিস্তানের’ জন্ম না হওয়া পর্যন্ত তিনি বিয়ের কথাও চিন্তা করবেন না। তার এই মন্তব্য নিয়ে বেশ বিতর্ক হয়। ইমরান পরে তার ব্যাখ্যায় বলেন, আসলে সরকারের পতন না হওয়া পর্যন্ত কোনো কাজ করে তিনি শান্তি পাবেন না এটাই বুঝাতে চেয়েছেন। এদিকে, খাইবার পাখতুনখোয়া থেকে নির্বাচিত ইমরানের দলের ১৩ জন এমপি পদত্যাগের সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ খুলেছেন। তারা বলেছেন প্রয়োজনে দল ভেঙে নতুন দল গঠন করে নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে।