বাংলাদেশ-উইন্ডিজ তৃতীয় ওয়ানডে

সান্ত্বনার খোঁজে বাংলাদেশ

আপডেট : ২৪ আগস্ট ২০১৪, ২২:৪৭
ইংরেজিতে বলা হয়- ডেড রাবার। বাংলায় ‘অর্থহীন লড়াই’ বললে সবচেয়ে ভালো বোঝা যায়। আজ সেই ‘অর্থহীন লড়াই’ লড়তে নামবে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম দুই ওয়ানডেতে হেরে আজকের এই শেষ ম্যাচটিকে অর্থহীন করে ফেলেছে বাংলাদেশই। বিশেষ করে দ্বিতীয় ম্যাচে ৭০ রানে অলআউট হওয়ার পর এই তৃতীয় ম্যাচ থেকে সান্ত্বনাটুকু পাওয়ার আশা করাও কঠিন হয়ে পড়েছে। তারপরও আজ বাংলাদেশ সময় রাত সাড়ে বারোটা থেকে শুরু হবে ক্যারিবীয় সময়ের এই দিবারাত্রির ম্যাচ। আগের দুই ম্যাচ গ্রেনাডাতে অনুষ্ঠিত হলেও ওয়ানডে সিরিজের এই শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে সেন্ট কিটস ও নেভিসে। খেলাটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন ও গাজী টেলিভিশন। একটা সময় এমন ‘মৃত ম্যাচ’ খেলতে বাংলাদেশ নিয়মিতই মাঠে নামতো। টানা সবচেয়ে বেশি পরাজয়, সবচেয়ে বেশি ম্যাচ ধরে জয় না পাওয়ার রেকর্ড বাংলাদেশেরই। এসব তালিকায় সেরা দশে বাংলাদেশের নামই সবচেয়ে বেশিবার পাবেন। কিন্তু এসব ঘটনাই ২০১০ সালের আগের ঘটনা। এই আধুনিক বাংলাদেশ টানা ১২ ম্যাচ জয়বঞ্চিত থাকবে বা টানা ১১ ম্যাচ হারবে, এটা আশা করা একটু কঠিন। তার মধ্যে আবার দু-দু’বার একশ’ রানের নিচে অলআউট হওয়া! গত কয়েক বছরের মধ্যে এটা যে বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে খারাপ সময়, তাতে সন্দেহ নেই। সন্দেহ নেই বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিমেরও। তবে তিনি শেষ ভরসা হিসেবে আজকের এই ম্যাচটার দিকে চেয়ে আছেন। আগের ম্যাচ শেষেও বলেছেন, প্রথম দু’ম্যাচের থেকে যা একটু ইতিবাচক ব্যাপার পেয়েছেন, সেটাকে কাজে লাগাতে চান তারা এই ম্যাচে। এই শেষ ম্যাচে আবার একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা আছে। তিন বা চার নম্বরে ইমরুল কায়েস বা সামসুর রহমানের বদলে একাদশে আসতে পারেন মুমিনুল হক। অন্তত আরেকটি বিপর্যয় এড়াতে এমন কিছু করতে চাইবে বাংলাদেশ। আগের দু’ম্যাচেই আগে-পরে বৃষ্টি হলেও খেলায় খুব একটা প্রভাব পড়েনি। তবে আবহাওয়ার পূর্বাভাস বলছে আজকের ম্যাচে সেটা প্রভাব ফেলতে পারে। সে ক্ষেত্রে সেন্ট কিটসের উইকেটও হয়ে উঠতে পারে আরেক শত্রুর নাম।