মোবাইল ফোনে অর্থ লেনদেনে আগ্রহ বাড়ছে দেশের মানুষের

আপডেট : ২৫ আগস্ট ২০১৪, ১৯:৫৯
মোবাইল ফোন ব্যবহার করে অর্থ লেনদেনে মানুষের আগ্রহ বাড়ছে। ইতোমধ্যেই দেশের প্রায় ৩৪ শতাংশ মানুষ অর্থ লেনদেনে মোবাইল ফোন ব্যবহার করাও শুরু করেছেন। সম্প্রতি এরিকসন কনজ্যুমার ল্যাবের এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। এই গবেষণায় প্রাপ্ত ফলাফল থেকে দেখা গেছে, ইন্দোনেশিয়া এবং ভিয়েতনামে মোবাইল ব্যবহার করে অর্থ লেনদেন করছেন যথাক্রমে ৫৪ এবং ৪৫ শতাংশ। এশিয়ার উঠতি অর্থনীতির দেশগুলোতে মোবাইল প্ল্যাটফর্ম ব্যবহার করে আর্থিক সেবা কতটা সম্ভাবনাময় হয়ে উঠতে পারে তা নিয়েই বাংলাদেশ, ইন্দোনেশিয়া এবং ভিয়েতনামে এই গবেষণা পরিচালনা করে এরিকসন কনজ্যুমার ল্যাব। গত ২৪ আগস্ট রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে এই গবেষণায় প্রাপ্ত ফলাফল জানানো হয়। গবেষণার ফলাফলে দেখা যায়, দেশের শতভাগ মানুষ মোবাইলে আর্থিক লেনদেনের সেবা সম্পর্কে অবগত এবং প্রায় ৯৭ ভাগ মানুষই মোবাইল ফোনে আর্থিক সেবা গ্রহণ করতে আগ্রহী। তবে এর জন্য এই সেবা অনেক বেশি নিরাপদ এবং বিশ্বস্ত হতে হবে মনে করে দেশের মানুষ। সম্মেলনে গবেষণার ফলাফল উপস্থাপন করেন এরিকসন কনজ্যুমার ল্যাব, দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রধান আফ্রিজাল আব্দুল রহিম ও এরিকসন কনজ্যুমার ল্যাবের সিনিয়র অ্যাডভাইজর প্যাট্রিক হেডলুন্ড। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এরিকসন বাংলাদেশের এমডি রাজ, সিআইও ভিপুল জেইন, এয়ারটেলের ভিপি আল বতুনি, রবির ভিপি রাশেদ প্রমুখ।