উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু

আপডেট : ২৫ আগস্ট ২০১৪, ২১:০০
বরিশাল মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। তফসিল ঘোষণার পর থেকেই সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে। প্রার্থীরা দলীয় মনোনয়ন পেতে কেন্দ্রীয় নেতাদের কাছে ধরনা ধরছেন। ভোটারদের কদরও বেড়ে গেছে। ভোটাররা বলেছেন, এলাকার উন্নয়নে ভূমিকা রাখবেন এমন প্রার্থী চান তারা। ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত এই উপজেলায় তফসিল অনুযায়ী আগামী ২১ সেপ্টেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আ’লীগ থেকে মনোনয়ন পাওয়ার আশায় দৌড়ঝাঁপ করছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাহেব হোসেন, কৃষক লীগ নেতা অ্যাডঃ মনছুর আহাম্মেদ ও নিজাম উদ্দিন আহাম্মেদ। বিএনপির প্রার্থী তালিকায় রয়েছেন, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম লাবু, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন দিপেন ও গোলাম ওয়াহিদ হারুন। ইসলামী আন্দোলন প্রার্থী মেজর (অবঃ) নাছির উদ্দিন। ভাইস চেয়ারম্যান পদে আ’লীগের সম্ভাব্য প্রার্থী বর্তমান ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান আরজু, আঃ জব্বার কানন ও খোরশেদ আলম ভুলু। বিএনপির আসাদুজ্জামান মুক্তা ও জিয়াউল হক মিশন। জামায়াতের একক প্রার্থী উপজেলা আমির আলহাজ্ব সাইফুর রহমান। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে আ’লীগের আফরোজা কবির শিউলি, নাছিমা বেগম, রীনা খানম এবং বিএনপির রুজী বেগম ও শরিফা নাছরিনের নাম শোনা যাচ্ছে।