কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা এক পুলিশ কনস্টেবল ভুয়া মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার করায় পুলিশ তাকে গ্রেফতার করে কুমিল্লা কারাগারে প্রেরণ করেছে। রবিবার উপজেলার সেনের বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, ব্রাহ্মণপাড়া উপজেলার দক্ষিণ শশীদল গ্রামের নায়েব আলীর পুত্র ইমন হোসেন (২১) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে কর্মরত ছিলেন। সারাদেশে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মাধ্যমে ভুয়া মুক্তিযোদ্ধা তদন্তকালে তার পিতার নামে জমা করা মুক্তিযোদ্ধা সনদটি জাল প্রমাণিত হয়। এ নিয়ে তার বিরুদ্ধে চট্টগ্রাম কোতয়ালী থানায় জাল সনদ ব্যবহারের কারণে একটি মামলা হয়। ঐ মামলার গ্রেফতারি পরোয়ানা ব্রাহ্মণপাড়া থানায় এলে ইমনকে তার বাড়ির কাছ থেকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, ইমন হোসেনকে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।
