লোহারপুল থেকে বিআরটিসির বাস চাই

আপডেট : ২৫ আগস্ট ২০১৪, ২১:০১
ঢাকার গেণ্ডারিয়া ধূপখোলা ও আশেপাশের এলাকার বিপুলসংখ্যক মানুষকে প্রতিদিন নানা কাজে নগরীর বিভিন্ন স্থানে যাতায়াত করতে হয়। তাদের মধ্যে যেমন মতিঝিলের ব্যাংক ও অফিসপাড়ার যাত্রীরা আছে তেমনি জিগাতলা, মোহাম্মদপুর, ধানমণ্ডি, সিদ্ধেশ্বরী, গুলশান, বারিধারা ইত্যাদি এলাকার স্কুল-কলেজ-ভার্সিটির শিক্ষার্থীদের সংখ্যাও কম নয়। এই এলাকার যাত্রীসাধারণকে যাতায়াতের জন্য প্রধানত ১৩ নম্বর ও মালঞ্চ— এই দু’টি বাসের ওপরই নির্ভর করতে হয়। দুঃখের বিষয়, বেশ কয়েক মাস আগে ১৩ নম্বর বাসে চাপা পড়ে এক মহিলার মৃত্যুকে কেন্দ্র করে এই রুটের বাসের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। জানা যায়, নিহতের পরিবারের পক্ষ থেকে দাবি করা অর্থ পরিশোধে ওই রুটের বাস মালিকদের অপারগতায় এই অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ১৩ নম্বর রুট বন্ধ থাকায় সবেধন নীলমণি মালঞ্চই এখন এলাকার যাত্রীদের ভরসা। এদিকে, একচেটিয়া ব্যবসায়ের সুযোগ নিয়ে মালঞ্চ পরিবহন কর্তৃপক্ষ প্রায়ই তাদের খেয়ালখুশিমতো বাস পরিচালনা করে থাকে। বেলা ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনেক সময় নানা অজুহাতে তারা বাস চলাচল বন্ধ রাখে। সকালের ব্যস্ত সময়ে মালঞ্চের যাত্রীদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে চড়া রোদ ও বৃষ্টিতে ভিজে বাসে ওঠার জন্য প্রতীক্ষা করতে দেখা যায়। বিআরটিসি কর্তৃপক্ষ সম্প্রতি বিদেশ থেকে অনেক বাস আমদানি করে কাছে-দূরের অনেক রুটে নামিয়েছেন। কিন্তু যাতায়াতে চরম দুর্ভোগের সম্মুখীন পুরনো ঢাকার যাত্রীদের জন্য বিআরটিসির নেকনজর আজও পড়েনি। এই অবস্থায়, বিআরটিসি তথা যোগাযোগ মন্ত্রণালয়ের কাছে আমাদের অনুরোধ— এই এলাকার যাত্রীসাধারণের যাতায়াতের ক্ষেত্রে চরম ভোগান্তির অবসানে কিছু বাস অবিলম্বে লোহারপুল থেকে ছাড়ার ব্যবস্থা করুন। এসব বাস ফার্মগেট ও মিরপুরসহ অন্যান্য জনপ্রিয় রুটেও দেওয়া হোক। ফিরোজ আহমেদ, গেণ্ডারিয়া, ঢাকা ১২০৪