সরাইলে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান

আপডেট : ২৫ আগস্ট ২০১৪, ২১:০৩
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ২৫ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। শিক্ষানুরাগী মরহুম জামিরউদ্দিন আহমেদের পরিবারের পৃষ্ঠপোষকতায় গত শনিবার ওই বিদ্যালয়ের ৫ম থেকে ১০ম শ্রেণীর দরিদ্র ও মেধাবী এসব শিক্ষার্থীর মাঝে ৭২ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ইঞ্জিনিয়ার হামিদুল হক ও আশা ইন্টারন্যাশনালের সিওও মোঃ এনামুল হক শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ তুলে দেন। বৃত্তি প্রদান অনুষ্ঠানে শিক্ষাবিদ, সমাজসেবক, রাজনীতিবিদসহ দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আগামী বছর থেকে বৃত্তির অর্থ ১ লাখ ৭৫ হাজার টাকায় উন্নীত করে ৭৫ জন শিক্ষার্থীকে এর আওতায় আনা হবে এবং নিয়মিতভাবে এ কার্যক্রম পরিচালিত হবে। যার মধ্যে আশা ইন্টারন্যাশনালের সিওও মোঃ এনামুল হকের ব্যক্তিগত উদ্যোগে ২৫ জন শিক্ষার্থীকে বৃত্তি দেয়া হবে। অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনা করেন অরুয়াইল হাইস্কুলের প্রধান শিক্ষক শেখ সাদী। -প্রেস বিজ্ঞপ্তি