বগুড়ার কাহালুর দুই মহিলার মোবাইল ফোনের অভিনব প্রতারণার শিকার হয়েছে মেহেরপুর জেলার মজনু(৩২)। কাহালু পুলিশ গত শনিবার রাতে উপজেলার পানাই গ্রাম থেকে গৃহবন্দী অবস্থা থেকে তাকে উদ্ধার করেছে। এ ঘটনায় পুলিশ আব্দুর রশিদ (৪২), লাভলি (২৪) ও জয়নাব (৪০) নামের ৩ ব্যক্তিকে গ্রেফতার করেছে। প্রায় একমাস আগে মেহেরপুর জেলার গাংনী উপজেলার মজনুর সাথে মোবাইল ফোনের মাধ্যমে কাহালু উপজেলার জামগ্রাম ইউনিয়নের পানাই গ্রামের আব্দুস ছাত্তারের স্ত্রী জয়নাব ওরফে আয়লার পরিচয় হয়। একপর্যায়ে আয়লা মজনুকে ধর্মপুত্র বলে সম্বোধন করে তাকে বগুড়ায় আসার আমন্ত্রণ জানায়। মজনু গত শনিবার বগুড়া আয়লার বাড়িতে যায়। সেখানে রাতে জনৈকা লাভলীকে বিয়ে অথবা দেড় লাখ টাকা প্রদানের দাবি করা হয়। মজনু টাকা দিতে না পারায় তাকে মারধর ও হুমকি দিয়ে তার নিকটে থাকা নগদ ১১ হাজার টাকা ছিনিয়ে নেয়। সংবাদ পেয়ে কাহালু থানার ওসি সমিত কুমার ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে মজনুকে উদ্ধার করে এবং মহিলাসহ ৩ জনকে গ্রেফতার করে। এ ব্যাপারে মজনু বাদী হয়ে কাহালু থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ গত রবিবার দুপুরে গ্রেফতারকৃত ওই ৩ জনকে কোর্টে প্রেরণ করেছে।
