ওয়েস্ট ইন্ডিজে চলছে ক্রিকেটারদের ক্রমাগত ব্যর্থতা। আর দেশের মাটিতে প্রতিদিন নিয়ম করে অনুশীলন করে যাচ্ছেন সাকিব আল হাসান। আন্তর্জাতিক ক্রিকেটে তার জন্য ছয় মাসের নিষেধাজ্ঞা থাকলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিশেষ ব্যবস্থায় তিনি অনুশীলন চালিয়ে যাচ্ছেন।
এর বাইরে দেশের বাইরের লিগগুলোতে খেলার ক্ষেত্রেও আছে দেড় বছরের নিষিদ্ধাদেশ।
শাস্তি কমাতে গত ২০ জুলাই আপিল করেছিলেন দেশসেরা এই অল রাউন্ডার। মাঝে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন এমপিও তার শাস্তি কমানোর আভাস দিয়েছিলেন। তবে, এই ব্যাপারে এখন পর্যন্ত কোন সমাধান আসেনি। খুব সম্ভবত আজই অপেক্ষার অবসান হতে যাচ্ছে। আজ মঙ্গলবার মিরপুরে বিসিবি অফিসে অনুষ্ঠিতব্য সভায় সাকিবের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
এর বাইরে বোর্ড সভায় আরও কিছু ইস্যু নিয়ে সভাপতি ও বোর্ডের পরিচালকরা কথা বলবেন। এর মধ্যে আছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রসঙ্গ। বিপিএল এখন নতুন করে মাঠে গড়ানোয় প্রধান সমস্যা দুটি;খেলোয়াড় ও কর্মকর্তাদের আগের সব পাওনা পরিশোধ করা এবং খেলাপি দলগুলোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া। এর মধ্যে আবার একটি দলকে নিয়ে দুর্নীতি বিরোধী ট্রাইব্যুনালে মামলাও হয়েছে।
গত শনিবার বিপিএল গভর্নিং কাউন্সিলের এক বৈঠক করে একেবারে খোলনলচে বদলে নতুন আদলে তৃতীয় বিপিএল আয়োজনের জন্য একগাদা সুপারিশ তৈরি করা হয়। এই সুপারিশগুলো আজকের বিসিবি সভায় উপস্থাপিত হবে। সভায় এগুলো পাস হলে হয়তো নতুন আদলে ডিসেম্বরেই মাঠে গড়াতে পারে তৃতীয় বিপিএল।
