প্রথম ওয়ানডে জিতে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে সফরকারী পাকিস্তান। তাই দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরতে চাইছে মিসবাহ-উল-হকের নেতৃত্বাধীন পাকিস্তান। অন্যদিকে দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা আনতে উদ্গ্রীব অ্যাঞ্জেলো ম্যাথুজের নেতৃত্বাধীন শ্রীলংকা। তাই জয়’কে একমাত্র লক্ষ্য করে আগামীকাল দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে শ্রীলংকা ও পাকিস্তান। হাম্বানটোটায় বাংলাদেশ সময় বেলা তিনটায় শুরু হবে খেলাটি।
প্রথম ম্যাচের মত দ্বিতীয় ম্যাচেও জয় অব্যাহত রেখে সিরিজ নিশ্চিত করতে চায় পাকিস্তান। দ্বিতীয় ওয়ানডের আগে তেমনটাই জানালেন দলের অধিনায়ক মিসবাহ, ‘প্রথম ম্যাচে খুবই ভালো ব্যাট করছে ফাওয়াদ ও মাকসুদ। আমরা ম্যাচটি জয়ের আশাই করিনি। কিন্তু শেষ পর্যন্ত আমাদের চমকে দিয়েছে ফাওয়াদ ও মাকসুদ। তবে প্রথম ম্যাচের ভুলগুলো দ্বিতীয় ম্যাচে আর করা যাবে না। সিরিজ জয়ের দারুণ সুযোগ আমাদের সামনে। এই সুযোগ কাজে লাগাতে পারলেই দীর্ঘদিন পর লংকানদের বিপক্ষে সিরিজ জিততে পারবো আমরা।’
জয়ের মঞ্চ তৈরি করেও প্রথম ম্যাচে হারের তেতো স্বাদ পেতে হয়েছে শ্রীলংকাকে। ম্যাচ শেষে এজন্য বোলারদের দিকে আঙ্গুল তুলেছিলেন স্বাগতিক দলপতি ম্যাথুজ। দ্বিতীয় ম্যাচের আগে বোলারদের সতর্ক করে দিয়েছেন তিনি, ‘ভালোভাবে সিরিজ শুরুর দারুণ একটি সুযোগ ছিলো আমাদের। কিন্তু সেটি সম্ভব হয়নি। কারণ জয়ের পথ তৈরি করেও, বোলারদের কারণে ম্যাচটি হারতে হল আমাদের। শেষদিকে বোলাররা ভালো বল করতে পারেনি। পুরো ম্যাচেই আমরা ভালো খেলেছি। পাকিস্তানিদের ইনিংসের শেষ ২৫ ওভারে বলের ঠিক জায়গায় করতে পারেনি দলের বোলাররা। তবে দ্বিতীয় ম্যাচে এমন ভুল হবে না আশা করি। ম্যাচ জয়ের জন্যই মাঠে নামবো। জয়ের লক্ষ্য নিয়েই সবাই মাঠে নামবে।’
বৃষ্টিবিঘ্নিত প্রথম ওয়ানডেতে প্রথমে ব্যাট করে অধিনায়ক ম্যাথুজের ৮৯ ও মাহেলা জয়াবর্ধনের ৬৩ রানের উপর ভর করে ৪৫ ওভারে ৭ উইকেটে ২৭৫ রান করেছিলো শ্রীলংকা। এরপর জবাব দিতে নেমে ১০৬ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে হারের পথ নিশ্চিত করে ফেলে পাকিস্তান। কিন্তু সেই পথ পছন্দ হয়নি সফরকারী দুই ব্যাটসম্যান ফাওয়াদ আলম ও শোয়েব মাকসুদের। তাই লংকান বোলারদের সামনে ব্যাট হাতে দাঁড়িয়ে যান তারা। ষষ্ঠ উইকেটে ১৪৭ রানের দায়িত্বপূর্ণ এক জুটি গড়েন ফাওয়াদ ও মাকসুদ। ফলে শেষ পর্যন্ত জয়ের স্বাদও পায় সফরকারীরা। আর তাতেই সিরিজে লিড নেয় পাকিস্তান।
