ভাইপোর মৃত্যুর খবরে শ্রীলংকা সফরের মাঝপথেই দেশে ফিরে গেলেন পাকিস্তানি ব্যাটসম্যান ইউনিস খান। ফলে লংকানদের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচে দেখা যাবে না অভিজ্ঞ এই ব্যাটসম্যানকে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক মুখপাত্র সোমবার এ খবর নিশ্চিত করেন।
এক বছরেরও বেশি সময় পর পাকিস্তান ওয়ানডে দলে ডাক পান ইউনিস। তবে প্রত্যাবর্তন ম্যাচটি নিজের জন্য স্মরণীয় করে রাখতে পারেননি তিনি। হাম্বানটোটায় শ্রীলংকার বিপক্ষে প্রথম ম্যাচে তিন নম্বরে ব্যাটিং-এ নেমে মাত্র ৩ রান করেন ৩৬ বছর বয়সী ইউনিস। তবে সিরিজের শেষ দুই ম্যাচে খেলা হচ্ছে না ইউনিসের। দ্বিতীয় ম্যাচ শুরুর একদিন আগে ভাইপোর মৃত্যুর খবর পেয়ে দেশের উদ্দেশ্যে শ্রীলংকা ছেড়ে গেছেন ইউনিস।
লিভার প্রতিস্থাপন করতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন ইউনিসের ভাইপো ১০ বছর বয়সী সাদ খান। ভারতের একটি হাসপাতালে চিকিত্সা করানো হচ্ছিল সাদের। খুব শীঘ্রই তার মরদেহ নিজ দেশে ফিরিয়ে আনা হবে।
এ ব্যাপারে পিসিবির মুখপাত্র জানান, ‘ভারতের একটি হাসপাতালে লিভার প্রতিস্থাপন করতে গিয়ে মারা যান ইউনিসের ভাইপো। এই খবর পেয়ে শ্রীলংকা সফরের মাঝপথ থেকেই দেশে ফিরে এসেছেন ইউনিস।’-বাসস
শ্রীলংকার বিপক্ষে শেষ দুই ওয়ানডেতে ইউনিসের পরিবর্তে কাকে পাঠানো হবে তা এখনো জানায়নি পিসিবি। এর আগে স্পিনার সাঈদ আজমলের পরিবর্তে দলের সাথে যোগ দেন পেসার মোহাম্মদ ইরফান। বোলিং অ্যাকশন পরীক্ষা-নিরীক্ষার জন্য বর্তমানে লন্ডনে রয়েছেন আজমল।
