সাংবাদিক সাহাদাত হোসেন খানের লেখা ‘ভারতের রাজনৈতিক ও সামরিক হস্তক্ষেপ’, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রবাহিনীর যুদ্ধাপরাধ’ এবং ‘ক্রুসেড’ নামে ৩টি বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে। জাতীয় প্রেসক্লাবে গত শনিবার লাভ বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে এ মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথির ভাষণে সাংবাদিক সাহাদাত হোসেন খানের বইয়ের প্রশংসা করে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান বলেন, তিনি উপন্যাস লিখেননি। লিখেছেন নির্ভেজাল সত্যি কথা। সবার এই ইতিহাস পাঠ করা উচিত। বিশেষ অতিথির ভাষণে সাবেক সেনাপ্রধান লে. জেনারেল (অব.) এম. নূরুদ্দিন খান বলেছেন, ১৯৬২ সালের চীন-ভারত যুদ্ধের পর ভারত তার প্রতিরক্ষা বাহিনীকে ঢেলে সাজায়। আমাদের দেশ আয়তনে ক্ষুদ্র হলেও এ দেশের প্রতিরক্ষা দুর্বল নয়।
জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন—বিএনপি চেয়ারপার্সনের প্রেস সচিব মারুফ কামাল খান, জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এলাহী নেওয়াজ খান, দৈনিক নিউ ন্যাশনের সাবেক সম্পাদক মোস্তফা কামাল মজুমদার প্রমুখ। —প্রেস বিজ্ঞপ্তি
