নারায়ণগঞ্জে হত্যা মামলায় ছয় জনের ফাঁসি

আপডেট : ২৫ আগস্ট ২০১৪, ২২:৪১
জেলার সিদ্ধিরগঞ্জে ত্রিভুজ প্রেমের জের ধরে ব্যবসায়ী রফিক ভূঁইয়া ওরফে হেলাল হত্যা মামলায় ৬ জনের ফাঁসি ও ১ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। এছাড়া মৃত্যুদণ্ডপ্রাপ্তদের প্রত্যেকের কাছ থেকে ১ লাখ টাকা ও যাবজ্জীবনপ্রাপ্তের কাছ থেকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করে আইন অনুযায়ী নিহতের পরিবারের কাছে হস্তান্তর করতে জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেয়া হয়েছে। অতিরিক্ত জেলা ও দায়রা জজের বিচারক মামুন উর রশিদ গতকাল সোমবার চাঞ্চল্যকর এ হত্যা মামলার রায় ঘোষণা করেন। মামলার মোট ৭ জন আসামির মধ্যে ৪ জনের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করা হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- স্বপন, নাজমুল, মাসুম, আমিনুল ইসলাম, সাজ্জাদ আলম ডলার, জাকির হোসেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তের নাম সাদিয়া। দণ্ডপ্রাপ্তদের মধ্যে স্বপন, আমিনুল ইসলাম, জাকির হোসেন ও সাদিয়া পলাতক রয়েছেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে আসামি নাজমুল, মামুন, আমিনুল হক এ হত্যাকাণ্ডে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন। নারায়ণগঞ্জ জেলা আদালতের অতিরিক্ত পিপি আবদুর রহিম জানান, পূর্বশত্রুতার জের ধরে ২০০৯ সালের ৩ জুন সন্ধ্যা ৭ টায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি সাদিয়া নিহত রফিক ভূঁইয়াকে মোবাইলে ফোন করে ডেকে নিয়ে যায়। পরে ৪ জুন সিদ্ধিরগঞ্জের একটি ডোবা থেকে গলা জবাই করা ও পেট ফাড়া অবস্থায় রফিকের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ৪ জুন নিহত রফিকের ছোট ভাই রতন ভূঁইয়া বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলায় দায়ের করেন।