আজ ২৬ আগস্ট ফুলবাড়ি দিবস। ২০০৬ সালের এই দিনে উন্মুক্ত পদ্ধতিতে দিনাজপুরের ফুলবাড়ি কয়লাখনি না করার দাবিতে সেখানে সর্বস্তরের মানুষ বিক্ষোভে ফেটে পড়েন। বহুজাতিক কোম্পানি এশিয়া এনার্জির ফুলবাড়ি অফিস ঘেরাও কর্মসূচি চলাকালে তত্কালিন বিডিআর ও পুলিশের গুলিতে নিহত হন ৩ জন। গুলিবিদ্ধ হয় শতাধিক মানুষ। এদের মধ্যে গুলিবিদ্ধ সুজাপুরের বাবলু রায়, সাহাবাজপুরের প্রদীপ সরকারের মতো অনেকেই এখনও পঙ্গুত্বের অসহনীয় যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন। দিনাজপুরের স্টাফ রিপোর্টার ও ফুলবাড়ি (দিনাজপুর) সংবাদদাতা জানান, ২৬ আগস্ট থেকে ৩০ আগস্ট জনতার আন্দোলন সংগ্রামে উত্তাল ছিল ফুলবাড়িসহ ফুলবাড়ি খনি এলাকা। এ সময় আন্দোলনকারিদের দাবির মুখে বিডিআর প্রত্যাহার করা হয়। তবে ব্যাপক সংখ্যক পুলিশ ফুলবাড়িতে অবস্থান করলেও কার্যত তারা ছিল নিরব দর্শকের ভূমিকায়। এরই মধ্যে ২৮ আগস্ট এশিয়া এনার্জির সুবিধাভোগী হিসেবে চিহ্নিত কয়েকজনের বাড়িঘর ভাংচুর চালিয়ে পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা।
গণআন্দোলনের মুখে তত্কালিন ৪ দলীয় জোট সরকারের পক্ষ থেকে ৩০ আগস্ট পার্বতীপুর উপজেলা অডিটরিয়ামে সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ছয় দফা চুক্তি স্বাক্ষর হয়। ছয় দফা চুক্তির মধ্যে ছিল এশিয়া এনার্জিকে ফুলবাড়ি ও দেশ থেকে বহিষ্কার, উন্মুক্ত পদ্ধতির কয়লাখনি ফুলবাড়িসহ দেশের কোথাও না করা, পুলিশ-বিডিআরের গুলিতে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান, আহতদের প্রয়োজনীয় চিকিত্সার ব্যবস্থা, গুলি বর্ষণসহ হতাহতের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত কমিটি গঠন, শহীদের স্মৃতিসৌধ নির্মাণসহ এশিয়া এনার্জির দালালদের গ্রেফতার ও শাস্তি প্রদান, আন্দোলনকারিদের বিরুদ্ধে দায়ের করা সকল মামলা প্রত্যাহার এবং নতুন করে মামলা না করা। তবে পরবর্তীতে ছয় দফা চুক্তির আংশিক বাস্তবায়ন হলেও এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি।
ফুলবাড়ি দিবস উপলক্ষে গতকাল তেল- গ্যাস- খনিজ সম্পদ ও বিদ্যুত্-বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ এবং সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ এক বিবৃতিতে বলেছেন, ফুলবাড়ি চুক্তি বাস্তবায়ন রাষ্ট্রের দায়। এর অন্যথা করার কোন পথ নেই।
দিবসটি পালন উপলক্ষে আজ বিভিন্ন কর্মসূচি নেয়া হয়েছে। তেল- গ্যাস- খনিজ সম্পদ ও বিদ্যুত্-বন্দর রক্ষা জাতীয় কমিটির উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে ফুলবাড়িতে। এছাড়া সকাল ৯টায় ঢাকায় কেন্দ ীয় শহীদ মিনারে সমাবেশ ও পুস্পস্তবক অর্পণ করা হবে। বেলা ১২টায় বাংলাদেশ ছাত্র ফেডারেশন কেন্দ ীয় নির্বাহী কমিটির উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
