গত লোকসভা নির্বাচনে লজ্জাকর পরাজয়ের ধাক্কা ভালোভাবেই সামাল দিতে সক্ষম হয়েছে সোনিয়া গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেস জোট। চারটি রাজ্যে অনুষ্ঠিত বিধানসভা উপনির্বাচনে ১৮টি আসনের মধ্যে কংগ্রেস জোট পেয়েছে ১০টি। বিপরীতে বিজেপি ও তার মিত্র জোট পেয়েছে ৮টি আসন। বিহার, মধ্যপ্রদেশ, পাঞ্জাব ও কর্নাটক রাজ্যে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। বিহারে ১০টি আসনের মধ্যে আরজেডি, জেডি (ইউ) এবং কংগ্রেস ৬টি আসনে জয়ী হয়েছে। অপরদিকে বিজেপি ৪টি আসনে জয়লাভ করেছে।
কর্নাটকে কংগ্রেস ২টি আসনে এবং বিজেপি একটি আসনে জয়লাভ করে। পাঞ্জাবে কংগ্রেস ও আকালি দল একটি করে আসন পেয়েছে। মধ্যপ্রদেশে বিজেপি দুটি এবং কংগ্রেস একটি আসনে জয় পেয়েছে। কংগ্রেস নেতারা বলছেন, সারা দেশের মানুষ লোকসভা নির্বাচনে যে ‘ভুল’ করেছিলেন, এবার তা সংশোধন করে নিতে শুরু করেছে। বিধানসভার কিছু নেতা লোকসভায় নির্বাচিত হওয়ায় এবং কয়েকজন বিভিন্ন কারণে পদত্যাগ করায় এসব আসন খালি হয়। ফলে খালি হওয়া আসনগুলোতে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।
