প্রবল স্রোতে মাওয়ায় ফেরি চলাচল বিঘ্নিত

আপডেট : ২৫ আগস্ট ২০১৪, ২২:৪৬
পদ্মা নদীতে প্রবল স্রোতের কারণে মাওয়া-কাওড়াকান্দি ফেরি সার্ভিস গতকাল সোমবার সপ্তম দিনের মত ব্যাহত হচ্ছে। এসময় ২ পাড়ে আটকা পড়েছে ৩শ যান। বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, প্রবল স্রোতের কারণে ৩টি ফেরি চালানো যাচ্ছে না। ১৬টি ফেরির মধ্যে চলাচল করছে ১৩টি। তাই এখনো ২ পাড়ে পারাপারের অপেক্ষায় যানবাহন আটকা পড়ছে। মাওয়া বিআইডব্লিউটিসি’র ম্যানেজার সিরাজুল হক জানান, প্রবল স্রোতে কাওড়াকান্দি থেকে ১৩ কিলোমিটার দূরত্বের মাওয়া পৌঁছতে সময় লাগছে ৩ ঘন্টা থেকে ৫ ঘন্টা। সার্বিক পরিস্থিতির কারণে দুর্ঘটনা এড়াতে ৩টি ফেরি বন্ধ রাখা হয়েছে। উজানের পানি নেমে না যাওয়া পর্যন্ত এই প্রবল স্রোত হয়তো থামবে না। এদিকে মাওয়া পয়েন্টে গতকালও পদ্মার পানি ২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার মাত্র ১৪ সেন্টিমিটার নিচে রয়েছে। এছাড়া উজানের এই পানির পলি পড়ে ডুবুচরের সংখ্যাও বাড়তে পারে। তাই সার্ভে করে ড্রেজিংয়ের জন্যও প্রস্তুতি নেয়া হচ্ছে। দৌলতদিয়া-পাটুরিয়ায় লঞ্চ চলাচল বিঘ্নিত রাজবাড়ী প্রতিনিধি ও শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা :বৈরী আবহাওয়ার কারণে প্রায় ৯ ঘন্টা দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিএ’র পরিবহন ইন্সপেক্টর মো. ফরিদুল ইসলাম জানান, গত রবিবার সন্ধ্যা থেকেই পদ্মা উত্তাল ছিল। রাত পৌনে ৯টা থেকে উত্তাল পদ্মায় ঢেউয়ের বিশালতায় লঞ্চ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় যে কোন ধরনের দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করে।