বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে হস্তান্তরের প্রতিবাদে আজ মঙ্গলবার থেকে তিন দিনের প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। গতকাল সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ ীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন দলের যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
কর্মসূচির মধ্যে রয়েছে, আজ ঢাকা মহানগর ব্যতীত সারা দেশের জেলা ও মহানগরে প্রতিবাদ মিছিল-সমাবেশ, বুধবার ঢাকা মহানগরীর ১৫টি স্থানে প্রতিবাদ মিছিল-সমাবেশ এবং ৩০ আগস্ট আন্তর্জাতিক ‘গুম দিবস’ উপলক্ষে ঢাকা মহানগরীসহ সারা দেশে মানববন্ধন পালন।
রিজভী বলেন, সরকার প্রতিহিংসা ও প্রতিশোধপ্রবণ হয়ে উঠেছে। সরকার একের পর এক গণবিরোধী আইন ও নীতি প্রণয়ন করে জনগণের ভোট, সংসদ, জনপ্রশাসন, বিচার বিভাগ, নাগরিকের বাক ও ব্যক্তি স্বাধীনতা কেড়ে নিচ্ছে। সর্বশেষ জাতীয় সমপ্রচার নীতিমালার মধ্যদিয়ে মতপ্রকাশের স্বাধীনতার পায়ে বেড়ি পরানো হলো।
২৭ ও ২৮ আগস্ট যুবদলের প্রতিবাদ সমাবেশ
২১ আগস্ট গ্রেনেড হামলার বিষয়ে জিয়া পরিবারকে জড়িয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির সহযোগী সংগঠন যুবদল। এর মধ্যে বুধবার সারাদেশে জেলা ও মহানগরে এবং বৃহস্পতিবার বিভাগীয় শহরে প্রতিবাদ সমাবেশ করবে যুবদল।
