১৮০ বিদেশি ভাড়াটে সেনাকে হত্যা করা হয়েছে: রাশিয়া

আপডেট : ১৪ মার্চ ২০২২, ০০:১৪

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে যে, ইউক্রেনের পশ্চিমাঞ্চলের ইয়াভোরিভ প্রশিক্ষণ কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলায় ১৮০ জন বিদেশি ভাড়াটে সেনার মৃত্যু হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, ভাড়াটে বিদেশি সেনাদের হত্যার পাশাপাশি অন্য দেশ হতে ইউক্রেনে পাঠানো সামরিক সরঞ্জামের বড় একটি অংশ ধ্বংস করা হয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাসেঙ্কোভ জানান, ইউক্রেনের বাহিনীতে যোগদানকারী বিদেশী যোদ্ধাদের বিরুদ্ধে রাশিয়া হামলা চালিয়ে যাবে।

এদিকে, ইউক্রেনের লিভভ অঞ্চলে অবস্থিত আন্তর্জাতিক শান্তিরক্ষী ও নিরাপত্তা কেন্দ্রে বিমান হামলা ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। এতে নিহতের সংখ্যা বেড়ে ৩৫ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে অন্তত ১৩৪ জন। লিভভের গভর্নর এই তথ্য নিশ্চিত করেছেন।

রবিবার (১৩ মার্চ) দেশটির স্থানীয় সময় ভোরে এই হামলা হয় বলে জানান গভর্নর ম্যাক্সিম কোজিৎস্কি। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এই সামরিক প্রশিক্ষণ কেন্দ্রটি লিভভ শহরের ৩০ কিলোমিটার উত্তরপশ্চিমের জেলা ইয়াভোরিভে অবস্থিত। এটি পোল্যান্ডের সীমান্ত থেকে মাত্র ১২ কিলোমিটার দূরে অবস্থিত।

ইত্তেফাক/টিআর