সিরাজগঞ্জে লিচু বাগানে মুকুলের সমারোহ

আপডেট : ১৪ মার্চ ২০২২, ১০:২৯

সিরাজগঞ্জের রায়গঞ্জের বিভিন্ন এলাকার অনেক বাসাবাড়ির আঙিনায় লাগানো হয়েছে লিচুগাছ। ফালগুনের শেষ প্রান্তে লিচুগাছের লাল সবুজ পাতার মধ্যে সবুজ ডগায় লিচুর মুকুল আসতে শুরু করেছে। এতে প্রকৃতি সেজেছে অপরূপ সাজে। এছাড়া লিচুর বাগানগুলোতে গাছে গাছে দেখা গেছে মুকুলের সমারোহ। 

বাড়ির আঙিনায় লাগানো গাছ মালিক ফরমান আলী জানান, ইতিমধ্যেই আমার লাগানো লিচুগাছে মুকুল আসতে শুরু করেছে। গত বারের তুলনায় এবার মুকুল বেশি। বাগানমালিক আহসান হাবিব বলেন, এবার আবহাওয়া অনুকূলে থাকলে গত বারের চেয়ে লিচুর ভালো ফলন হবে। উপজেলার রামশ্বারগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আব্দুর রশিদ সরকার জানান, এ বছর লিচুর মুকুল আসার আগেই হালকা বৃষ্টি হওয়ার কারণে গাছে গাছে বেশ ভালো মুকুল দেখা যাচ্ছে। 

রায়গঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, এবার উপজেলার প্রায় ১০ হেক্টর জমিতে লিচু চাষ হয়েছে। মুকুল ফুটতে শুরু করেছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবার লিচুর ভালো ফলন হবে। সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু জাফর মো. আহসান শহীদ সরকার বলেন, এবারে লিচু গাছে যেভাবে মুকুল দেখা যাচ্ছে তাতে বাম্পার ফলন হবে বলে আশা করছি। 

ইত্তেফাক/ ইআ