ডুমুরিয়ায় মাছের ঘের থেকে বাপ্পী (২৮) নামের ঠিকানাবিহীন এক ব্যক্তির লাশ ডুমুরিয়া থানা পুলিশ উদ্ধার করেছে। উপজেলার ৭নং শোভনা ইউনিয়নের দক্ষিণ পাড়া তরফদার বাড়ী জামে মসজিদের পূর্ব পাশে রুহুল আমিন শেখের মাছের ঘের থেকে রবিবার (১৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লাশ উদ্ধার করে পুলিশ। সহকারী পরিদর্শক বিশ্বজিৎ রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
তদন্তকারী কর্মকর্তা সহকারী পরিদর্শক বিশ্বজিৎ রায় বলেন, লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তবে তার মৃগী রোগ থাকতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করছে পুলিশ। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান।
এলাকাবাসী জানান, প্রায় এক মাস পূর্বে তিনি এই এলাকায় আসেন। মসজিদে নিয়মিত নামাজ পড়তেন এবং থাকতেন। গ্রামের লোকজন তাকে খাবার দিতেন। বাপ্পী নামে ডাকলে তিনি সাড়া দিতেন। তবে ঠিকানা জানতে চাইলে কোন কথা বলতেন না।
