সবাই ভেবেছিল, পাকিস্তানকে আবারও ব্যাটিংয়ে পাঠাবেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। কিন্তু তিনি সেটি করলেন না। স্বাগতিকদের ১৪৮ রানে অলআউট করে দিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে সফরকারীরা। সোমবার (১৪ মার্চ) করাচি টেস্টের তৃতীয় দিন শেষে অজিদের লিড দাঁড়িয়েছে ৪৮৯ রানে।
৩৫ রানের ব্যাট করছেন উসমান খাজা ও ৩৭ রানে অপরাজিত মার্নাস লাবুশেনে। দলটির সংগ্রহ ১ উইকেট হারিয়ে ৮১ রান। আগামীকাল চতুর্থ দিন আবারও তারা ব্যাট করতে নামবেন। এখন দেখার বিষয় পাকিস্তানকে কত রানের টার্গেট দেয় তারা। এরই মধ্যে যত রানের লিড হয়েছে, তা পাড়ি দিয়ে টেস্ট ম্যাচ জেতার কোনো রেকর্ড ইতিহাসে নেই।
এর আগে সোমবার নিজেদের প্রথম ইনিংসে ৫৫৬ রানের পাহাড়সম স্কোর দাঁড় করিয়ে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। পরে ব্যাট করতে নেমে মাত্র ১৪৮ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। দলটির পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন অধিনায়ক বাবর আজম। এছাড়া নোমান আলি ২০, ইমাম উল হক ২০, শাহিন শাহ আফ্রিদি ১৯ ও আজহার আলি ১৪ রান করেন।
অজি বোলারদের মধ্যে মিচেল স্টার্ক ৩টি, মিচেল সোয়েপসন ২টি এবং প্যাট কামিন্স, নাথান লায়ন ও ক্যামেরুন গ্রিন একটি করে উইকেট নেন।
