কাউখালীতে পটকা মাছ খেয়ে ২ জেলের মৃত্যু

আপডেট : ১৪ মার্চ ২০২২, ২৩:৫১

পিরোজপুরের কাউখালীতে পটকা মাছ খেয়ে অসুস্থ হয়ে সুশীল দাস (৫০) ও রবীন্দ্রনাথ বিশ্বাস (৬০) নামে দুই জেলে মারা গেছেন।

সোমবার (১৪ মার্চ) দুপুরে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জেলে সুশীল মারা যান। অপরজন বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় আরও ৪ জেলে অসুস্থ হয়ে পড়েছে।

মৃত সুশীল বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের কদমবাড়ী গ্রামের রাম দাসের পুত্র। রবীন্দ্রনাথ একই এলাকার নিত্যানন্দ বিশ্বাসের ছেলে।

বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন হীরা লাল(৩২)। অসুস্থ অন্য জেলেরা হলেন, সমীরণ বিশ্বাস (৪০), সুমন (২৭), গৌতম (৩৮)। তাদের সকলের বাড়ি একই গ্রামে।

জেলে সমিরন বিশ্বাস জানান, তারা ১১জন জেলে গত ৯দিন ধরে সুন্দরবন খালে চাপা জাল দিয়ে মাছ শিকার করেন। সোমবার সকালে নৌ বানারিপাড়ার কদমবাড়ির উদ্দেশ্য রওনা দেন। পথিমধ্যে দুপুরে কাউখালীতে তাদের ইঞ্জিন চালিত বোট থামিয়ে ভাত ও নৌকায় থাকা পটকা মাছ রান্না করে খায়। এর কিছুক্ষণ পরই সুশীল, রবীন্দ্রনাথ, হীরা লালসহ সকলে অসুস্থবোধ করেন বমি করেন। তারা দুপুর দেড়টার দিকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আসলে কর্তব্যরত চিকিৎসক সুশীল ও রবীন্দ্রনাথকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। দুপুর দু’টার দিকে বরিশাল নেওয়ার পথে সুশিল রায় মারা যান। রবীন্দ্রনাথ বিশ্বাস বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মামুন হোসেন জানান, সুশীলকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি। সেখানে তিনি মারা যান।

তিনি আরও বলেন, পটকা মাছ বিষাক্ত। এ মাছ কারও খাওয়া উচিত না। এর চিকিৎসা নেই আমাদের এখানে।

কাউখালী থানার ওসি বনি আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

ইত্তেফাক/এমআর