নওগাঁর মান্দায় যাত্রীবাহী বাসের চাপায় ২ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ মার্চ) দুপুর ১২ টার দিকে উপজেলার রাজশাহী-নওগাঁ মহাসড়কের সাবাই হাট এলাকায় এ ঘটনা ঘটেছে। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, উপজেলার শিমুলিয়া পূর্বপাড়া গ্রামের নেকু সরদারের ছেলে কাপড় ব্যবসায়ী আব্দুস সাত্তার (৬০) ও একই গ্ৰামের লসের আলীর ছেলে খোরশেদ সরদার (৪৫)।
ওসি শাহিনুর রহমান বলেন, আব্দুস সাত্তার একজন কাপড় ব্যবসায়ী। ১২টার দিকে সাবাই হাট এলাকায় ভ্যানে করে কাপড় বিক্রি করছিলেন তিনি। এসময় রাজশাহী থেকে ছেড়ে আসা নওগাঁগামী একটি যাত্রীবাহী বাস ভ্যানটিকে ধাক্কা দিলে কাপড় ব্যবসায়ী আব্দুস সাত্তার ও পাশে দাঁড়িয়ে থাকা খোরশেদ সরদার রাস্তায় ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই আব্দুস সাত্তার নিহত হন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় খোরশেদ সরদারকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
ওসি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আব্দুস সাত্তারের লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ঘটনা পর বাসের চালক পালিয়ে গেলেও স্থানীয়রা বাসটি আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
