অর্ধশতাধিক বিদেশি নিয়ে ইত্যাদি

আপডেট : ০১ জুন ২০১৯, ১৮:০২

স্টুডিওর চার দেয়াল থেকে টিভি অনুষ্ঠানকে বের করে দেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে ইত্যাদি দেশের ইতিহাস, ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি প্রায় দুই যুগ ধরে বিদেশি নাগরিকদের দিয়ে আমাদের লোকজ সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যকে নিয়মিত তুলে ধরছে। শুরুর দিকে বিষয়টি ১০/১২ জন বিদেশির মাঝে সীমাবদ্ধ থাকলেও বর্তমানে কখনো কখনো শতকের ঘরেও পৌঁছে। আর এই বিদেশিদের মাধ্যমে আমাদের সংস্কৃতি ছড়িয়ে পড়ছে বিশ্বের নানাপ্রান্তে। বিদেশিদের দিয়ে তাঁদের মাতৃভাষার বদলে বাংলা ভাষায় গ্রামের সহজ-সরল মানুষের চরিত্রে অভিনয় করিয়ে তুলে ধরা হয় আমাদের লোকজ সংস্কৃতি, গ্রামীণ খেলাধুলা। ইত্যাদির চরিত্রানুযায়ী বিদেশিদের দিয়ে করানো নানা ঘটনার পরিসমাপ্তি ঘটে চমত্কার একটি মেসেজের মাধ্যমে। বিদেশিরা মনে করেন এটি তাঁদের জীবনে একটি নতুন অভিজ্ঞতা এবং আনন্দ।

ঢাকায় বসবাসরত বিদেশিদের কাছে হানিফ সংকেত ও ইত্যাদি দুটি জনপ্রিয় নাম।  তাঁদের প্রিয় এই অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করার জন্য প্রতিবারের মতো এ বছরও তাঁরা নিজেরাই গ্রুপ তৈরি করেন ‘ইত্যাদি বিদেশি পর্ব ২০১৯’-এর জন্য। এবারের পর্বে অংশগ্রহণ করেছেন পৃথিবীর নানা দেশের প্রায় ৫০ জন বিদেশি। ঈদের বিশেষ ইত্যাদি একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে ঈদের পরদিন রাত ১০টা ২০ মিনিটে। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।