ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন নিয়ে ইতালির রাজধানী রোমে আমেরিকা ও চীনের শীর্ষ পর্যায়ের দুই কর্মকর্তা বৈঠক করেছেন। এই বৈঠকে চীনের পক্ষ থেকে যোগ দেন দেশটির পররাষ্ট্রনীতি বিষয়ক শীর্ষ কর্মকর্তা ইয়ান জেইচি এবং আমেরিকার পক্ষ থেকে যোগ দেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেইক সুলিভান। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।
দুই ঘণ্টা ব্যাপী চলে দুই দেশের প্রতিনিধিদের এই বৈঠক। তবে বৈঠকের বিষয় ও ফলাফল সম্পর্কে গণমাধ্যমকে কোনো তথ্য দেয়া হয় নি।
ইউক্রেন ইস্যুতে এ পর্যন্ত নিজেকে নিরপেক্ষ হিসেবে তুলে ধরার চেষ্টা করেছে চীন। কিন্তু ওয়াশিংটন ধারণা করছে, যেকোনো সময় রাশিয়ার পক্ষে অবস্থান নিতে পারে চীন।
মার্কিন একজন কর্মকর্তা দাবি করেছেন যে, চীনের কাছে সামরিক সহায়তা চেয়েছে রাশিয়া। এই দাবির পর ওয়াশিংটনের ধারণা জোরালো হয়েছে, যদিও চীন ওই দাবি নাকচ করেছে।
রোমের বৈঠক শেষে মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা বলেছেন যে, সুলিভান আমেরিকার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার বিষয়ে চীনকে হুঁশিয়ার করেছেন।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করতে কিয়েভ সফরে গেছেন চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড ও স্লোভেনিয়ার প্রধানমন্ত্রীরা। স্থানীয় সময় আজ মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি হিসেবে জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন তারা।
