জমি সংক্রান্ত বিরোধের জেরে নারায়ণগঞ্জের গোগনগর ইউনিয়ন পরিষদের ৭, ৮, ৯ নং ওয়ার্ডের নারী ইউপি মেম্বার নিলুফা বেগমকে গুলি করেছে প্রতিপক্ষ। মঙ্গলবার (১৫ মার্চ) সকালে ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পুরান সৈয়দপুর এলাকায় তার শ্বশুর বাড়িতে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ নিলুফাকে প্রথমে শহরের সদর জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিক্যালে প্রেরণ করে। নিলুফা বেগমের বড় ভাই রহিম মুন্সী জানান, তার পায়ে গুলি লেগেছে, তাকে সদর জেনারেল হাসপাতালে নিয়ে যাবার পর আমাদের ঢাকা মেডিক্যালে পাঠিয়ে দিয়েছে। এলাকাবাসী দেখেছে যারা সেখানে গিয়েছে ও যার হাতে অস্ত্র ছিল সেই গুলি করেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বাড়িতে স্থানীয় কাঠপট্টি এলাকার জলিল মাদবরের ছেলে রানার সঙ্গে দ্বন্দ্ব চলে আসছিল নিলুফা বেগমের। সেই দ্বন্দ্বের জেরে সকালে নিলুফার বাড়িতে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও বিবাদ হয়। তখন নিলুফা বেগম থামাতে গেলে তার পায়ে গুলি করা হয়। এ সময় রানা তাকে গুলি করে বলে এলাকাবাসী জানায়।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, গুলিবিদ্ধ একজন এসেছেন, তার নাম পরিচয় জানায় চেষ্টা চলছে। আর নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান জানান, এরকম কিছু আমার জানা নেই।
এদিকে গোগনগরের ৪, ৫, ৬ নং ওয়ার্ডের নারী মেম্বার নাজমা বেগম খোদেজা জানান, শুনেছি গুলিবিদ্ধ হয়েছেন তিনি, তাকে ঢাকা মেডিক্যালে নেওয়া হয়েছে। ৯নং ওয়ার্ডের ইউপি মেম্বার আওয়াল হোসেন জানান, ঘটনা শুনে আমরা তার বাড়িতে গিয়েছিলাম, সেখানে তাকে পাইনি। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। শুনেছি তার পায়ে গুলি লেগেছে। ইউপি সচিব মাহবুব রহমান ভূঞা জানান, তার পায়ে গুলি লেগেছে শুনেছি। কিন্তু ঠিক কি কারণে কি হয়েছে, তা আমার জানা নেই।
